২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূনের দাফন মঙ্গলবার, স্থান ঠিক হয়নি

জানাজার পর জনপ্রিয় এ লেখকের মরদেহ রাখা হয়েছে বারডেমের হিমঘরে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা বসে ঠিক করবেন- কোথায় দাফন করা হবে হুমায়ূন আহমেদকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 08:29 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নন্দিত লেখক হুমায়ূন আহমেদকে মঙ্গলবার দাফন করার সিদ্ধান্ত হলেও কোথায় তাকে সমাহিত করা হবে তা ঠিক করতে পারেননি তার পরিবার। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এই কথাসাহিত্যিকের প্রতি জনসাধারণের শ্রদ্ধা জানানোর পর সম্মিলিত সাংস্কৃতিক জোটে সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে হুমায়ূনের জানাজা হওয়ার পর তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে। “সন্ধ্যায় পরিবারের সদস্যরা বসে ঠিক করবেন, কোথায় দাফন করা হবে হুমায়ূনকে,” বলেন বাচ্চু। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ২টার পরপরই হুমায়ূনের মরদেহ জাতীয় ইদগাহ ময়দানে নিয়ে যাওয়া হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় বারডেম হাসপাতালে। এ সময় লেখকের বড় ছেলে নুহাশ সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে হুমায়ূনের ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল প্রয়াত লেখকের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। তিনি বলেন, “আপনারা তার জন্য দোয়া করবেন, যেন তিনি ভাল থাকেন।” ভিড়ের কারণে যারা লেখককে শ্রদ্ধা জানাতে পারেননি তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন জাফর ইকবাল। যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের উদ্দেশে তিনি বলেন, “হুমায়ূন আহমেদ আমার ভাই। কিন্তু আজ প্রমাণ হলো তিনি শুধু আমারই নয় বরং সবারই ভাই, প্রিয় মানুষ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা তিনি অনুভব করেছেন।” ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে হুমায়ূনের কফিনবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদের দাফন সোমবারই হতে পারে। “কোনো সমস্যা না থাকলে আমরা আজই উনাকে দাফন করতে চাই। আমাদের মায়ের ইচ্ছা, মিরপুর বা বনানীতে এটা হোক।” তবে লেখকের স্ত্রী শাওন শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, “আমাকে সে বলেছে, যদি আমার কিছু হয় সবাই আমাকে নিয়ে টানাটানি করবে। তুমি আমাকে নিয়ে টানাটানি করতে দিও না। তুমি আমাকে নুহাশ পল্লীতে নিয়ে যেও। ওই গাছগুলির কাছে আমাকে দিয়ে এসো।” মুহম্মদ জাফর ইকবাল বলেন, আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে শহীদ মিনারের পাশে একটি পুলিশ বক্সে বসে জাফর ইকবাল, আহসান হাবীব ও শাওনসহ পরিবারের সদস্যরা দুপুরে সংক্ষিপ্ত বৈঠকও করেন। কিন্তু তাতে কোনো সিদ্ধান্ত না আসায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, সোমবার নয়, মঙ্গলবারই দাফন করা হবে হুমায়ূনকে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক শহীদ মিনারে সাংবাদিকদের বলেন, “সরকারি কোনো কবরস্থানে হুমায়ূন আহমেদকে দাফনের সিদ্ধান্ত হলে সরকারই এর সমস্ত খরচ বহন করবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এরআরএইচ/এএইচএ/জেকে/১৫২০ ঘ.