ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাই আশায় ছিল- চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি ফিরে আসবেন। নন্দিত কথশিল্পী হুমায়ূন আহমেদ দেশের মাটিতে ফিরেছেন, তবে কফিনে বন্দি হয়ে।
সোমবার সকাল ৮টা ৫৬ মিনিটে তার কফিনবাহী বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। সুসজ্জিত একদল পুলিশ সদস্য কাঁধে করে বিমান থেকে তার কফিন নামিয়ে ফুলে সাজানো একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যান। এ সময় একপাশে কাঁধ দেন হুমায়ূনের ছেলে নুহাশ, যার পরনে ছিল বাবার সৃষ্ট চরিত্র হিমুর সেই হলুদ পাঞ্জাবি।
হুমায়ূনের মরদেহ নিয়ে একই বিমানে দেশে পৌঁছেছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন, তাদের দুই ছেলে নিষাদ ও নিনিত, শাওনের মা তহুরা আলী, বোন সেঁজুতি এম আফরোজ এবং পারিবারিক বন্ধু প্রকাশক মাজহারুল ইসলাম।
বিমানবন্দরে বাংলাদেশ সরকারের পক্ষে লেখকের মরদেহ গ্রহণ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। এ সময় সঙ্গে ছিলেন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, হুমায়ূনের দুই ভাই মুহম্মদ জাফর ইকবাল ও আহসান হাবীব এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।
হুমায়ূনের ছোট ভাই আহসান হাবীব জানান, হুমায়ূন আহমেদের দাফন সোমবারই হতে পারে। তবে কোথায় তাকে সমাহিত করা হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
লেখকের স্ত্রী শাওন অশ্রুভেজা কণ্ঠে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “উনার শেষ ইচ্ছা ছিল নুহাশ পল্লী। উনাকে আর কষ্ট দিয়েন না। নুহাশ পল্লীতেই ব্যবস্থা করেন।”
তবে এর আগে আহসান হাবীব সাংবাদিকদের বলেন, “কোনো সমস্যা না থাকলে আমরা আজই উনাকে দাফন করতে চাই। আমাদের মায়ের ইচ্ছা, মিরপুর বা বনানীতে এটা হোক।”
হুমায়ূনের আরেক ভাই মুহম্মদ জাফর ইকবাল বলেন, আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আহসান হাবীব ও জাফর ইকবাল, তাদের দুই বোন, হুমায়ূনের প্রথম স্ত্রীর তিন সন্তান নোভা, শীলা ও নুহাশ, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস এবং পরিবারের ঘনিষ্ঠজনরা সকালেই বিমানবন্দরে পৌঁছান। বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা ছাড়াও ভক্তরা ভিড় করেন বিমানবন্দর টার্মিনাল ভবনে।
ক্যান্সারে আক্রান্ত হুমায়ুন ৬৪ বছর বয়সে গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে মারা যান। নিউ ইয়র্কে পরদিন জানাজার পর রোববার হুমায়ুনের কফিন নিয়ে দেশের পথে রওনা হন পরিবারের সদস্যরা।
আহসান হাবীব জানান, দেশে পৌঁছানোর পর বিমানবন্দর থেকে লেখকের কফিন সরাসরি ধানমণ্ডিতে তার বাড়ি দখিন হাওয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল। তবে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সর্ব সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য বিমানবন্দর থেকেই মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
বেলা ২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর পর বেলা আড়াইটায় জাতীয় ঈদগাহ ময়দানে জানাজা হবে।
সার্বিক পরিস্থিতি তদারক করতে বিমানবন্দরে উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল এবং প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর।
শাকিল বলেন, “আমরা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছ্ি লেখকের মরদেহ পরবর্তী গন্তব্যে নিয়ে যাওয়ার পথ নির্বিঘ্ন করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
হুমায়ূন গত বছর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পর বিভিন্ন পর্যায়ে সরকারের পক্ষ থেকে এই লেখক পরিবারের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। গত ডিসেম্বরে একুশে পদকজয়ী হুমায়ূনকে জাতিসংঘে বাংলাদেশ মিশনের উপদেষ্টা নিয়োগ করে সরকার।
তার মৃত্যুর পর মরদেহ দেশে আনা ও অন্যান্য ব্যবস্থাও সরকারের পক্ষ থেকেই করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউএম/জেকে/০৯৪০ ঘ.
bdnews24