২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এ সরকারই শ্রমিকদের সুযোগ-সুবিধা দিয়েছে’

বর্তমান সরকারই তৈরি পোশাক খাতের শ্রমিকদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারই তৈরি পোশাক খাতের শ্রমিকদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার শ্রমিক লীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, “সরকার, শ্রমিক ও মালিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আপনাদের কাজ করতে হবে। তাহলেই আমাদের অর্থনীতির উন্নয়ন হবে।” শ্রমিক লীগের নবনির্বাচিত সভাপতি শুক্কুর মাহমুদ, কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্যরা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য বর্তমান সরকারের নেওয়া উদ্যোগগুলো সবার কাছে তুলে ধরার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শ্রমিক লীগ নেতাদের বলেন, “গার্মেন্ট শ্রমিকদের আমরাই সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা দিয়েছি।” “আমরা অর্থনৈতিকভাবে অনেকদূর এগিয়ে গেছি। আমরা যে সুনাম নিয়ে এসেছি। সেটা যাতে কেউ নস্যাৎ করতে না পারে- সেজন্য শ্রমিক লীগকে সজাগ থাকতে হবে”, যোগ করেন তিনি। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে মিল রেখে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি ছোট রাখার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উপ-কমিটি করে বিভিন্ন খাতের শ্রমিকদের চাহিদা ও সমস্যা সম্পর্কেও খেয়াল রাখতে হবে। “শ্রমিকদের স্বার্থ আপনাদেরই রক্ষা করতে হবে”, বলেন তিনি। পরে শ্রমিক লীগ নেতারা প্রধানমন্ত্রীর হাতে ফুল দিয়ে তৈরি একটি নৌকার প্রতিকৃতি তুলে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৬৪৫ ঘ.