২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বায়রা নেতাদের সাক্ষাৎ

বায়রার নতুন নেতৃত্বের সঙ্গে বৈঠকে চাকরি নিয়ে বাইরে যাওয়া শ্রমিকদের প্রতি আরো মনোযোগী দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 10:32 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়রার নতুন নেতৃত্বের সঙ্গে বৈঠকে চাকরি নিয়ে বাইরে যাওয়া শ্রমিকদের প্রতি আরো মনোযোগী দেওয়ার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সিজের (বায়রা) নতুন কমিটির সদস্যরা রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, “দেশের বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের মানবিক দৃষ্টিকোণ থেকে সহায়তার জন্য বায়রা নেতৃত্বের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী।” বায়রার সভাপতি শাহজালাল মজুমদারের নেতৃত্বে সংগঠনের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে কিছু সমস্যার কথা তুলে ধরেন। সিআইপি তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ রাখাসহ এই সব বিষয়গুলো বিবেচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মসংস্থানের জন্য বিদেশে শ্রমিকদের পাঠানোর আগে তাদের প্রশিক্ষণ এবং যে দেশে যাচ্ছে, সে দেশের ভাষা ও আইন-কানুন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার জন্য বায়রাকে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। প্রবাসে কর্মরত শ্রমিকদের উন্নয়নে সরকারের দেওয়া বিভিন্ন পদক্ষেপও বৈঠকে তুলে ধরেন শেখ হাসিনা। বায়রা নেতারা প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন বলে প্রেসসচিব জানান। প্রধানমন্ত্রী বায়রার মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতার প্রশংসাও করেন বলে আবুল কালাম আজাদ জানান। বৈঠকে বায়রা সভাপতি শাহজালাল প্রধানমন্ত্রীর হাতে ফুল ও স্মারক গ্রন্থ তুলে দেন। প্রেসসচিব আবুল কালাম আজাদসহ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব শেখ ওয়াহেদ-উজ জামান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান বৈঠকে ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬৩০ ঘ.