ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় ঈদগাহ ময়দানে হাজারো মানুষের অংশগ্রহণে শেষ হয়েছে জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের জানাজা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন সোমবার বেলা সোয়া ২টায় লেখকের জানাজা পরিচালনা করেন।
ঈদগাহ ময়দানের প্রায় অর্ধেকটাজুড়ে কয়েক হাজার মানুষ হুমায়ূনের জানাজায় অংশ নেন। জানাজা শুরুর আগে হুমায়ূনের বড় ছেলে নুহাশ রীতি অনুযায়ী সবার কাছে বাবার হয়ে ক্ষমা চেয়ে নেন।
তিনি বলেন, “বাবার কারণে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কাছে কারো টাকা পাওনা থাকলে আমার সঙ্গে অথবা আমার চাচা মুহম্মদ জাফর ইকবালের কাছে জানাতে অনুরোধ করছি।”
জানাজা শেষে হুমায়ূনের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে। রাতে সেখানেই রাখার পর মঙ্গলবার দাফন করা হবে একুশে পদকজয়ী এই লেখককে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু জানান, সন্ধ্যায় পরিবারের সদস্যরা বসে দাফনের স্থান চূড়ান্ত করবেন। পরে তা সংবাদ মাধ্যমকে জানানো হবে।
ক্যান্সারে আক্রান্ত হুমায়ূন গত ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের একটি মারা যান। সোমবার সকালে তার মরদেহ দেশে পৌঁছানোর পর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষ এই লেখকের প্রতি শেষ শ্রদ্ধা জানায়।
হুমায়ূনের মা আয়েশা ফয়েজের ইচ্ছা, তার ছেলেকে ঢাকার কোনো কবরস্থানে দাফন করা হোক। তবে লেখকের দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওন সাংবাদিকদের বলেছেন, গাজীপুরে নিজের হাতে গড়া নুহাশ পল্লীতেই সমাহিত হতে চেয়েছিলেন হুমায়ূন।
নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “সন্ধ্যায় পরিবারের সদস্যরা বসবেন। তারাই ঠিক করবেন, কোথায় তাকে দাফন করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/১৫০৭ ঘ.
bdnews24