ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান মাস উপলক্ষে ইসলাম ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা।
শনিবার হোয়াইট হাউজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সারা বিশ্বের মুসলিমদের উদ্দেশে এক বিবৃতিতে ওবামা বলেন, “মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার যে দেশগুলোতে জনগণ সাহসিকতার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং এখনও যারা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করে যাচ্ছেন তাদের জন্য এবারের রমজান বিশেষ অর্থবহ।”
গত এক বছরে আরব বিশ্বে গণতন্ত্রের দাবিতে আন্দোলনে লিবিয়া, মিসরসহ কয়েকটি দেশে রাষ্ট্রীয় শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটে।
ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে সংগ্রামরত সব মুসলিমের উদ্দেশ্যে মুসলমান বাবার সন্তান ওবামা বলেন, “নিজেদের বিশ্বাস চর্চায়, ভীতি ও সংঘাত থেকে মুক্ত এবং নিজেদের ভবিষ্যৎ নির্মাণে সচেষ্ট সবার পাশে দাঁড়িয়ে সহযোগিতার কাজ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরআরডি/এমআই/১৩২০ ঘ.
bdnews24