ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষায় সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
শনিবার শুরু হওয়া রমজান উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “আসুন, রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও পারস্পরিক সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করি।”
সব ধরনের অনাচার পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।
রমজান আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৩০ ঘ.
bdnews24