ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পাঠকদের মধ্যে যখন পশ্চিমবঙ্গের লেখকদের বইয়ের রমরমা, ঠিক তখনই এ ধারায় পরিবর্তন এনে দিয়েছিলেন হুমায়ূন আহমেদ। এর পরের দিনগুলোতে বছরের পর বছর তার বই একুশে বইমেলায় বিক্রির শীর্ষে থেকেছে।
- হুমায়ূন আহমেদের বইয়ের পাঠকপ্রিয়তা আর বাংলাদেশের প্রকাশনা শিল্পে তার অবদানের কথা এভাবেই বললেন অন্যপ্রকাশের পরিচালক মাসুম রহমান।
এ পর্যন্ত হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি বই প্রকাশ করেছে অন্যপ্রকাশ। এই এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেখকের আসনে ছিলেন হুমায়ূন আহমেদ।
একুশে পদকজয়ী এই ঔপন্যাসিক বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বৃহদান্ত্রের ক্যান্সরে ভুগছিলেন।
অন্যপ্রকাশের মাসুম রহমান শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুলাইমান নিলয়কে বলেন, “ছোটবেলায় দেখতাম, বাসে-ট্রেনেও পশ্চিমবঙ্গের লেখকদের বই বিক্রি হচ্ছে। পুরো দেশ ছেয়ে গিয়েছিলো পশ্চিম বাংলার বইয়ে। এই ইতিহাস এককভাবেই বদলে দিয়েছেন হুমায়ূন।”
প্রকাশনা শিল্পের একজন প্রতিনিধি হিসাবে মাসুমের বক্তব্য- হুমায়ূন আহমেদ প্রতিনিয়ত নিজের সীমানাকে নিজেই অতিক্রম করেছেন। চার দশক ধরে তিনি বাংলাদেশের প্রকাশনা শিল্পকে অনেক দূর এগিয়ে নিয়েছেন। এক জীবনে আর কত দেবেন তিনি? এতো পাঠক সৃষ্টি করে যাওয়া অনেক বড় ব্যাপার।”
হুমায়ূনের বিদায়ে বাংলাদেশের প্রকাশনা শিল্পের অনেক বড় ক্ষতি হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
“আমি মনে করি, এই পাঠকদের চাহিদা পূরণে নবীনরা এগিয়ে আসবে। তাতেই হয়তো শূন্যতা কিছুটা পূরণ হবে।”
হুমায়ূনের চিকিৎসার দিনগুলোর কথা স্মরণ করে তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর মাসুম রহমান বলেন, “গত জানুয়ারিতে আমি তার সঙ্গে আমেরিকায় ছিলাম। সেখানে তাকে দেখে, তার লেখক সত্ত্বা নতুন করে বুঝেছি।
“একদিকে কেমো চলছে, অন্যদিকে লেখালেখি। প্রতিদিনই তার লেখা-স্ক্যান করে দেশে পাঠাচ্ছি। কম্পোজ-কারেকশন শেষ হলো কি না এ ব্যাপারে তিনি সারাক্ষণই খোঁঁজ রাখতেন। সময়মতো নিজেই আবার তা দেখে দিতেন।”
মাসুমের মতে, গত দুই দশকে হুমায়ূনই ছিলেন বাংলাদেশে লেখক-পাঠকদের সবচেয়ে বড় সমাবেশস্থল একুশের বই মেলার প্রাণ।
“আমরা এমনও দেখেছি, কর্তৃপক্ষ লাইট বন্ধ করে দিচ্ছে। আর তিনি মোম জ্বেলে অটোগ্রাফ দিচ্ছেন।”
লেখকের সঙ্গে কাজ শুরুর দিনগুলোর কথাও স্মরণ করেন মাসুম।
“বিশ্ববিদ্যালয় জীবনে আমরা একটি প্রকাশনী সংস্থা গড়ে তুলেছিলাম। তবে শুরুর দিকে হুমায়ূন আহমেদ স্যারের কাছে লেখা চাইতে সাহস করিনি। পরে ১৯৯৮ সালে আমি আর মাজহার কাকরাইলে নুহাশ চলচ্চিত্রের কার্যালয়ে যাই। স্যারের কাছে তার একটি বই প্রকাশের ইচ্ছার কথা বলার পর তিনি বড় একটি অংকের টাকা নিয়ে যেতে বলেন। আমরা নগদ টাকা নিয়ে গেলে স্যার দেখে বিস্মিত হন।”
“পরে জেনেছি, অনেকের মতো আমাদেরও তাড়ানোর জন্য তিনি ওই অংকের টাকার কথা বলেছিলেন।”
এরপর যে ‘সম্পর্কের যাত্রা’ শুরু হয়, অল্প দিনের মধ্যেই তা লেখক- প্রকাশকের প্রচালিত সম্পর্কের সীমা ছড়িয়ে বহুদূর চলে যায়।
“১৯৯৯ সালে ‘রূপার পালঙ্ক’ থেকে শুরু। বর্তমানে আমরাই তার সবচেয়ে বেশি বইয়ের প্রকাশকে পরিণত হয়েছি।”
মানুষের আয়ু নিয়ে হুমায়ূন আহমেদের আক্ষেপের কথা উল্লেখ করে মাসুম বলেন, “উনি বলতেন, সাধারণ একটা কচ্ছপ, তার আয়ুও তিনশ বছর। তাহলে এতো সৃষ্টিশীল মানুষের আয়ু এতো কম কেন?”
ক্যান্সার চিকিৎসার প্রথমপর্বে কেমোথেরাপি নিয়ে ফেরার পর গত ১ জুন আবার নিউ ইয়র্কে যান হুমায়ূন আহমেদ। এর ঠিক আগের দিন তিনি মাসুমকে বলেন, তার আর আমেরিকা যেতে ইচ্ছে করছে না।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর সঙ্গে সব যোগযোগ ছিন্ন হয় লেখকের।
তার মৃত্যুর খবরে স্তম্ভিত মাসুম বলেন, “কী হারালাম, কীভাবে হারালাম বুঝে উঠতে পারছি না। উনি এতো তাড়াতাড়ি চলে যাবেন- ভাবতেও পারিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জেকে/১০০৭ ঘ.
bdnews24