ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
শুক্রবার এক বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, রমজান মাস প্রতিটি মুসলমানের জীবনে শান্তি ও সুখের বার্তা বয়ে নিয়ে আসবে। সবার জীবন হয়ে উঠবে মঙ্গলময়।
সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রোজা রাখা শুরু করবেন বাংলাদেশের মুসলমানরা।
বিবৃতিতে সংযমের এই মাসের তাৎপর্য তুলে ধরে খালেদা জিয়া বলেন, অন্যায়, জুলুম, অবিচার এবং লোভ-লালসাসহ সব ধরনের পাপকাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান।
“এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে। অনাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের অবশ্য কর্তব্য।’’
বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন দেশবাসীসহ মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৫০ ঘ.
bdnews24