ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রেতারা।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে এক শুনানিতে যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইন্টারন্যাশনাল লেবার অ্যাফেয়ার্সের অ্যাসোসিয়েট ডেপুটি আন্ডার সেক্রেটারি এরিক আর বিয়েল এ কথা জানান।
তিনি বলেন, “বাংলাদেশের তৈরি পোশাক, জুতাসহ অন্যান্য পণ্যের মার্কিন ক্রেতারা এই শ্রমিক অধিকার কর্মীর হত্যাকা-ের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার জন্য ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লেখেন।”
বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের আশুলিয়া অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন। এর দুদিন পর টাঙ্গাইল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারের পরদিনই ‘বেওয়ারিশ’ হিসাবে দাফন করা হয় আমিনুলের লাশ। পরে পত্রিকার ছবি দেখে তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কবর থেকে লাশ তুলে পুনরায় দাফন করা হয় আমিনুলকে।
এরিক আর বিয়েল বলেন, “আমিনুল হত্যাকা-ের বিষয়টি এখনো অমীমাংসিত থাকায় এমন উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, বাংলাদেশি শ্রমিকদের স্বার্থরক্ষায় শীর্ষ উদ্যোক্তারা সংস্কারবিরোধী প্রভাবশালী মহলের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।”
আমিনুল ইসলামকে নির্যাতনের পর বর্বরভাবে হত্যা করা হয় বলেও উল্লেখ করে তিনি শুনানিতে বলেন, যুক্তরাষ্ট্র সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে।
বিয়েল বলেন, ২১ জুন ক্রেতারা শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণে মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে মজুরি কাঠামো প্রণয়নের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আরেকটি চিঠি দিয়েছেন।
“শ্রমিক অধিকারের উন্নয়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ক্রেতাদের এ ধরনের সরাসরি যোগাযোগকে আমরা স্বাগত জানাই।”
ন্যূনতম মজুরি তিন হাজার টাকা নির্ধারণ করে সরকার ২০১০ সালে তৈরি পোশাক খাতের শ্রমিকদের সংশোধিত মজুরি কাঠামো ঘোষণা করে। গত অর্থবছর মূল্যস্ফীতি দুই অংকের ঘরে পৌঁছালেও এরপর আর বেতন কাঠামো পর্যালোচনা করা হয়নি।
বাংলাদেশে অনেক কারখানায় সংগঠন করার স্বাধীনতা না থাকা এবং অস্বাস্থ্যকর কর্মপরিবেশসহ শ্রমিক অধিকারের বিষয়গুলো নিয়েও মার্কিন ক্রেতাদের উদ্বেগের কথা শুনানিতে তুলে ধরেন বিয়েল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএএইচ/জেকে/১৯৫৫ ঘ.
bdnews24