ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচার বহির্ভূত হত্যা ও গুমের সঙ্গে র্যাব জড়িত- এমন বিশ্বাসযোগ্য তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের সহকারী সেক্রেটারি রবার্ট ও ব্লেক জুনিয়র।
বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক শুনানিতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
ব্লেক জানান, র্যাবের কোনো সদস্য মানবাধিকার লঙ্ঘন করলে তাকে জবাবদিহিতার আওতায় আনার ব্যবস্থা চালু করার জন্য গত বছর এই বাহিনীতে একজন অবসরপ্রাপ্ত মার্কিন মার্শালকে নিযুক্ত করে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র র্যাবকে শুধু মানবাধিকার নিয়েই প্রশিক্ষণ দিচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতন, বিনা অপরাধে আটক ও গুমের নতুন নতুন অভিযোগের প্রেক্ষিতে মার্কিন কংগ্রেসে ওই শুনানি হয়।
গত ৪ জুলাই নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডাব্লিউর) এক প্রতিবেদনে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য র্যাবকে দায়ী করে এই বাহিনীকে ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়।
শুনানিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত মে মাসে ঢাকা সফরে এসে গার্মেন্টস শ্রমিক নেতা আমিনুল হত্যা এবং বিরোধী দলীয় নেতা ইলিয়াস আলীর গুম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গত এপ্রিলের শুরুর দিকে আমিনুলকে নির্যাতনের পর হত্যা করা হয়। আর ১৭ এপ্রিল রাতে ‘গুম’ হন ইলিয়াস আলী।
ব্লেক বলেন, “সফরে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে মানবাধিকার নিয়ে গভীর উদ্বেগ জানান।”
শুনানিতে ব্লেক জানান, হিলারি ক্লিনটন শ্রমিকদের অধিকার নিয়েও কথা বলেন। এছাড়া শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন করতে দিতে এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য বিভিন্ন সংগঠনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশের অর্থনীতির জন্যও এটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ব্লেক বলেন, “যুক্তরাষ্ট্র ও অন্যান্য বিদেশি ক্রেতারা চাচ্ছেন না যে তাদের মূল্যবান ব্রান্ডের সঙ্গে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের বিষয়টি জড়িত থাকুক। তাই এ বিষয়ে নিজেদের স্বার্থেই বাংলাদেশকে উন্নতি করতে হবে।”
গ্রামীণ ব্যাংক
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ইউনূসের পদত্যাগের পরেও প্রতিষ্ঠানটির কার্যক্রম ভালোভাবে চলছে বলে স্বীকার করেন এই মার্কিন কর্মকর্তা। তবে ইউনূসের পদত্যাগের পর দুই বছর পার হলেও প্রতিষ্ঠানটিতে এখনও কোনো ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ না হওয়ায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
“ড. ইউনূসের জায়গায় একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করার গুরুত্ব আমরা সরকার ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তুলে ধরেছি।”
ব্লেক বলেন, বাংলাদেশে সুশীল সমাজের ভূমিকা রাখার সুযোগ সঙ্কুচিত হচ্ছে বলে বেসরকারি কয়েকটি সংস্থার কাছ থেকে তারা খবর পেয়েছেন এবং বিষয়টি নিয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন।
“গত কয়েক দশক ধরে বাংলাদেশে সুশীল সমাজ মুখপাত্র হিসেবে ভূমিকা রাখছে যাকে গুরুত্ব দেয় পররাষ্ট্র দপ্তর”
কৌশলগত অংশীদার
বাংলাদেশ একটি উদার, সহনশীল, ধর্ম নিরপেক্ষ দেশ উল্লেখ করে ব্লেক জানান, যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব রয়েছে।
দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যতের অংশীদারিত্বমূলক কর্মকাণ্ডের পরিসর বাড়ানোর জন্য কৌশলগত নির্দেশনা প্রদানের লক্ষ্যে গত মে মাসে পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের সময় ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে একটি অংশীদারিত্ব সংলাপ স্বাক্ষরিত হয় বলে জানান তিনি।
ব্লেক বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়ানোয় নেতৃত্ব দিয়ে এবং প্রতিবেশি রাষ্ট্রগুলোর সঙ্গে ভালো সম্পর্ক রাখার মাধ্যমে বাংলাদেশ একটি সংকটপূর্ণ অঞ্চলে স্থিতিশীলতা আনতে কাজ করছে।
বিশ্বের সবচেয়ে সহিংসতাপ্রবণ অঞ্চলগুলোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সবচেয়ে বেশি সৈন্য পাঠিয়ে বাংলাদেশ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এসইউ/১৯৪৫ ঘ.
bdnews24