২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমায়ূন আহমেদের মৃত্যুতে বিরোধী দলীয় নেতার শোক

জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 06:43 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে এক শোক বার্তায় তিনি বলেন, “তার মৃত্যুতে বাংলা সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে এক বড় শূন্যতার সৃষ্টি হলো। এই ক্ষতি সহসা পুরণ হওয়ার মতো নয়।” বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে নিউইয়র্কের ম্যানহাটনের বেলভ্যু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদের মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬৪ বছর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের বরেণ্য ও নন্দিত এ লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “হুমায়ুন আহমেদ তার সৃষ্টিশীল কর্মের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।” শোকবার্তায় হুমায়ূন আহমেদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন তিনি। ক্যান্সার চিকিৎসার জন্য গত বছর ১৪ সেপ্টেম্বর প্রথমবার নিউ ইয়র্ক যান তিনি। সেখানে ১২ দফা কেমো থেরাপি নেওয়ার পর গত ১১ মে ২০ দিনের জন্য দেশে ফিরে আবার চিকিৎসার জন্য নিউ ইয়র্কে যান জনপ্রিয় এই লেখক। গত ১২ জুন নিউ ইয়র্কের বেলভ্যু হাসপাতালে তার দেহে প্রথম অস্ত্রোপচার হয়। এরপর অস্ত্রোপচার পরবর্তী জটিলতার কারণে ২১ জুন ওই হাসপাতালেই তার দেহে দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করা হয়। ১৯৪৮ সালে জন্ম নেওয়া হুমায়ূন বিশ্ববিদ্যালয় জীবনেই লেখালেখি শুরু করে সাহিত্য সমালোচকদের মনোযোগ আকর্ষণ করেন। নন্দিত নরকে তার প্রথম প্রকাশিত উপন্যাস। তারপর ধীরে ধীরে দেশের জনপ্রিয়তম কথাসাহিত্যিকে পরিণত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের এই শিক্ষক। লেখালেখিতে ব্যস্ত হয়ে ওঠার পর অধ্যাপনা ছেড়ে দেন তিনি। টিভিতে নাটক লিখে ও নিদের্শনা দেওয়ার পর চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন হুমায়ূন আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/০০৩৮ ঘ.