২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট খেয়ে ৮ স্কুল শিক্ষার্থী অসুস্থ

কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়া আট স্কুল শিক্ষার্থীসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

কুড়িগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের উলিপুরে বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়া আট স্কুল শিক্ষার্থীসহ ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন, উলিপুরের গোরাই রঘুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী তাজুল ইসলাম, আফসানা ও বাবু, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মোকসেদা, আমিনা, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিতু, ময়না ও মেরিনা এবং ওই স্কুলের শিক্ষার্থী মনীষার মা ময়না (২৬) ও রেজওয়ানের মা রশীদা (২৪)। এদের সবাইকে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নজরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিস্কুট খাওয়ার পরপরই এরা পেটে ব্যাথা অনুভব করে এবং বমি করতে শুরু করে। খাবারের বিষক্রিয়ায় এরা অসুস্থ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।” জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে বিস্কুট খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার পর উলিপুর উপজেলার সবগুলো প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব খাদ্য সংস্থার প্রোটিন বিস্কুট বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া অসুস্থ হওয়ার কারণ খতিয়ে দেখে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দেওয়া প্রোটিন বিস্কুট খেয়ে উপজেলার অর্জুনডারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। গোরাই রঘুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন জানান, সকালে স্কুলের আড়াইশ’র বেশি শিক্ষার্থীর মধ্যে প্রোটিন বিস্কুট বিতরণ করা হয়। এ সময় দুই/তিনজন বিস্কুটে দুর্গন্ধ পাওয়ার কথা বললেও তাতে কেউ গুরুত্ব দেয়নি। বিস্কুট খাওয়ার কিছুক্ষণ পরেই ১৩ শিক্ষার্থীর পেটে ব্যাথা হয় এবং তারা বমি করতে শুরু করে। “এসময় আশপাশের অভিভাবকরা ছুটে আসেন এবং অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে আট জনকে দমকল বাহিনীর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়,” বলেন তিনি। পরে বিস্কুট খেয়ে অসুস্থ হয়ে পড়া দুই অভিভাবককেও হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএইচ/২১৫৬ ঘ.