কুড়িগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামে বিভিন্ন নদ-নদীর পানি কমলেও পানিবন্দি মানুষের দুর্ভোগ কমেনি।
বৃহস্পতিবার ক্ষতিগ্রস্তদের জন্য আবারো সহায়তা চেয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জরুরি ফ্যাক্সবার্তা পাঠিয়েছে জেলা প্রশাসন। এছাড়া গত দুদিনে পানিতে ডুবে ও সাপের কামড়ে মারা গেছে চার শিশু।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৪ ঘণ্টায় জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্রের ৭ সেন্টিমিটার, ধরলায় ৪ সেন্টিমিটার ও তিস্তায় ৬ সেন্টিমিটার পানি কমেছে। তবে ধরলার পানি এখনও বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসন জানায়, বন্যার ফলে জেলার ৯টি উপজেলার ৩৫টি ইউনিয়নের আড়াই শতাধিক চরগ্রাম ও দ্বীপচরের মানুষ পানিবন্দি হয়ে আছে। অনেকে ৪-৫ দিন ধরে ঘরের ভেতর মাচা করে বাস করছেন। পানিবন্দি মানুষ শুকনা খাবার ও বিশুদ্ধ খাওয়ার পানির অভাবে রয়েছে।
এদিকে কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুদিনে পানিতে ডুবে ও সাপের কামড়ে চার শিশুর মৃত্যু হয়েছে।
তিনি জানান, নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা গ্রামের শুভ (৬), কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের চরবড়াইবাড়ি গ্রামের মারুফ (৭), উলিপুর উপজেলার থেতরাই এলাকার মারুফ হোসেন বাবু (৬) পানিতে ডুবে মারা যায়। এছাড়া উলিপুরের সাহেবের আলগায় জুলেখা (৬) নামে এক শিশু সাপের কামড়ে মারা গেছে।
কুড়িগ্রাম জেলা নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ক্ষতিগ্রস্তদের জন্য নতুন করে ২০ লাখ টাকা, এক হাজার মেট্রিক টন চাল, ৫ হাজার টিন বিস্কুট, ৫ হাজার বান্ডিল ঢেউটিন, ১০ হাজার লুঙ্গি, ১০ হাজার শাড়ি ও গৃহনির্মাণ সামগ্রী চেয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯৩২ ঘ.
bdnews24