২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাতে ইফতারির দোকান নয়: পুলিশ

ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন, অস্থায়ী ইফতারির দোকানের কারণে যাতে যান চলাচলে সমস্যা না হয়, সেজন্যই এ উদ্যোগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রোজায় রাজধানীর ফুটপাতে ইফতারির দোকান বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ‘আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে’ এক ব্রিফিংয়ে মহানগর পুলিশের কমিশনার বেনজির আহমেদ বলেন, প্রতিবছর রোজায় রাস্তার দুই পাশে ও ফুটপাতে অস্থায়ী ইফতারির দোকান বসানোয় যানবাহন চলাচলে সমস্যা হয়। এবার এভাবে দোকান বসতে দেওয়া হবে না। শপিংমল ও মার্কেট পরিচালনাকারী কর্তৃপক্ষের উদ্দেশ্যে বেনজির বলেন, “পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে। আপনারাও মার্কেটের সামনে দোকান বসতে দেবেন না।” গত সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের একটি সমন্বয় সভায়ও এ বিষয়ে আলোচনা হয়েছে বলে কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। পুলিশের মিডিয়া ও কমিউনিটি সার্ভিস সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে কমিশনার বলেন, রোজায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে ৪০টি ‘অত্যাধুনিক ইলেকট্রনিক চেকপোস্ট’ বসানো হবে। “চালকরা অনেক দূর থেকে এসব চেকপোস্টের সংকেত দেখতে পাবে। যদি কোনো চালক সংকেত না মেনে রাস্তা পার হতে চায়, তাহলে চেকপোস্টের লোহার শিকে গাড়ির চাকা পাংচার হয়ে যাবে।” রোজা সামনে রেখে পুলিশ এক মাস আগ থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে বেনজির আমদে বলেন, গত এক মাসে ২০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার ও সাড়ে তিনহাজার অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। শপিংমল এবং সেহরি ও তারাবির সময় মুসল্লিদের কথা চিন্তা করেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি। কমিশনার বলেন, এসব বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ২০ লাখ লিফলেট বিতরণ করা হয়েছে। রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদের মধ্যে যুগ্ম কমিশনার মারুফ হাসান ও মিলি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/আরএ/জেকে/১৮০৫ ঘ.