চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেল স্টেশনের কাছে মকরমপুর রেল ক্রসিয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী এক নসিমনের চালক নিহত ও ২০জন আহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নাদেরাবাদ থেকে বরযাত্রীবাহী একটি নসিমন রেল লাইন পার হওয়ার সময় মালবাহী একটি ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাদিরুল ইসলাম (৩৫) গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের বাঙ্গাবাড়ি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
দুর্ঘটানায় আহত আব্দুর রহিম নামের এক ব্যক্তিকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আমনুরা রেলওয়ে জংশনের জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনিসুর রহমান জানান, এ পথে কোনো যাত্রীবাহী রেল চলাচল করে না।
গত কয়েকদিন ধরে রহনপুর রেল স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে মকরমপুর রেল ক্রসিং এলাকায় রেলপথের সংস্কার কাজ চলছে। এ কাজের জন্য পাথর নিয়ে মালবাহীটি ট্রেনটি যাচ্ছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে রেলক্রসিং পার হওয়ার সময় নাদেরাবাদ থেকে বরযাত্রীবাহী দুর্ঘটনা কবলিত নসিমনটির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত নশিমন চালকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।
এ ব্যাপারে আমনুরা রেলওয়ে জংশন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০৬ঘ.
bdnews24