জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচনের দাবিতে ঘোষিত সময়ের আগেই টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকরা।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার থেকে টানা অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সম্মিলিত শিক্ষক পরিষদের ব্যানারে এই শিক্ষকরা বুধবার রাতেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন।
এই শিক্ষকদের আন্দোলন পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনরত শিক্ষকরা জায়গাটি ছেড়ে গেলেই প্রশাসনের নির্দেশে পুলিশ এই জায়গাটি আটকে দেবে এমন সংবাদের ভিত্তিতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচির সময় এগিয়ে আনা হয়েছে।”
রাতে আন্দোলনরত শিক্ষকরা প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছেন। শিক্ষকদের এই আন্দোলনের কারণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন চলামান পরিস্থিতি নিয়ে সিনেটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বিকাল ৪টায় বৈঠকে বসেন।
বৈঠক শেষে সিনেট সদস্য অধ্যাপক সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সবাই উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য উপাচার্যকে বলেছেন। উপাচার্যও ২০ জুলাই নির্বাচনের ব্যাপারে অনড় রয়েছেন।
পরে উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন তার বাসভবনে সাংবাদিকদের বলেন, “ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন নির্ধারিত সময়েই হবে, তা স্থগিতের সিদ্ধান্ত হবে ’৭৩-এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পরিপন্থী।”
আগামী ২০ জুলাই উপাচার্য প্যানেল মনোনয়নের দিন নির্ধারণ করায় বিভিন্ন দল-মতের শিক্ষকরা ‘সম্মিলিত শিক্ষক পরিষদ’ ব্যানারে আন্দোলন শুরু করেন। তাদের দাবি, উপাচার্য প্যানেল মনোনয়নের আগে ডিন, সিন্ডিকেট ও সিনেট নির্বাচন দিতে হবে।
দাবি আদায়ে গত ১৩ জুলাই বিভিন্ন দল-মতের শিক্ষকরা সংবাদ সম্মেলন করে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। এর অংশ হিসাবে মঙ্গলবার ও বুধবার শিক্ষকরা সকাল-সন্ধ্যা প্রশাসনিক ভবন অবরোধ ও কর্মবিরতি পালন করেন।
গত ৮ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগকর্মীদের হামলায় নিহত হন। ওই ঘটনার পর শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হয় অধ্যাপক শরীফ এনামুল কবিরকে। গত ১৭ মে ওই পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, নতুন উপাচার্য দায়িত্ব নিয়ে জাকসু, ডিন, সিনেট ও সিন্ডিকেট নির্বাচনের কথা বললেও হঠাৎ করে উপাচার্য প্যানেল মনোনয়নের তারিখ ঘোষণা করা দুরভিসন্ধিমূলক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩৫ ঘ.
bdnews24