গাইবান্ধা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজ হওয়ার ১৯ মাস পর বুধবার ফিরে এসেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তরপাড়া গ্রামের এক কিশোরী (১২)।
এক প্রতিবেশী নারী তাকে অপহরণ করেছিল বলে বুধবার ফিরে আসা মেয়েটি পুলিশকে জানিয়েছে। নিখোঁজ হওয়ার সময় সে উপজেলার সমসপাড়া কমিনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী ছিল।
গোবিন্দগঞ্জ থানার ওসি দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালের ১০ ডিসেম্বর বেড়াতে যাওয়ার কথা বলে প্রতিবেশী আব্দুল মজিদের স্ত্রী রেশমা বেগম মেয়েটিকে নিয়ে যান। এরপর থেকে এ দু’জন নিখোঁজ ছিলেন।
এ ঘটনায় মেয়েটির স্বজনরা ২০১১ সালের ৩ জানুয়ারি গোবিন্দগঞ্জ থানায় চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা করে।
আসামিরা হলেন গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর গ্রামের রিপন মিয়া (২০), আরিফ মিয়া (১৯), রাঘবপুর গ্রামের মোশাররফ হোসেন (২৫) এবং উত্তরপাড়া গ্রামের রেশমা বেগম।
ফিরে আসা মেয়েটির বরাত দিয়ে ওসি দেলোয়ার হোসেন আরো বলেন, রেশমা বেগম প্রথমে তাকে পাশের তালুককানুপুর ইউনিয়নের মোশাররফ হোসেনের বাড়ি নিয়ে তিন দিন আটকে রাখে।
এরপর ঢাকার সাভারের একটি বাড়িতে আটকে রাখে। সেখানে তাকে দিয়ে অনৈতিক কাজ করাতে না পেরে মারধর করা হয় বলেও মেয়েটি অভিযোগ করে।
পরে সেখান থেকে শরীয়তপুর নিয়ে এক বাড়িতে আটকে রাখে। ওখান থেকে স্থানীয় এক ব্যক্তির সাহায্যে পালিয়ে গোবিন্দগঞ্জ আসে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২০ ঘ.
bdnews24