২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতব্যাগে বোমা বিস্ফোরণ, আরো দু’জনকে খুঁজছে পুলিশ

মোড়কে ভরে সহকর্মীর দেওয়া বোমার বিস্ফোরণে রাজধানীর আগারগাঁওয়ে এক নারী আহত হওয়ার ঘটনায় জড়িত আরো দু’জনকে খুঁজছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোড়কে ভরে সহকর্মীর দেওয়া বোমার বিস্ফোরণে রাজধানীর আগারগাঁওয়ে এক নারী আহত হওয়ার ঘটনায় জড়িত আরো দু’জনকে খুঁজছে পুলিশ। ঢাকা মহানগরীর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জুবায়ের আহমেদ ও নুরুল ইসলামকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে যে, ওই ঘটনার পেছনে আরো দু’জন আছে। পলাতক এ দু’জনের একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, “এদের গ্রেপ্তার করা গেলেই বোমা তৈরি ও এর সরঞ্জাম সংগ্রহের সব তথ্য পরিষ্কার হয়ে যাবে।” এর আগে গ্রেপ্তার হওয়া দু’জনকে বুধবার সাত দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। শের-এ- বাংলা নগর থানায় মঙ্গলবার দায়ের হওয়া এই মামলায় বুধবার তদন্তের দায়িত্ব নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কথিত প্রেমিকা আয়েশা সিদ্দিকাকে ‘শিক্ষা’ দিতেই জুবায়ের পরিকল্পিতভাবে মোড়কে ভরে আয়েশাকে ওই বোমা দেয় বলে জানান মাহবুবুর। এদিকে আহত আয়েশা সিদ্দিকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানান শের-এ- বাংলা নগর থানার ওসি জাকির হোসেন। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার হওয়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রোগামার জুবায়ের আহমেদ (৩০) ও বোমা সরবরাহকারী নুরুল ইসলামের সঙ্গে জঙ্গি বা ইসলামি কোনো সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে থাকা বোমার বিস্ফোরণে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সহকারী প্রোগ্রামার আয়েশা সিদ্দিকা আহত হন। এ ঘটনায় সেদিনই আগারগাঁও থানায় একটি মামলা করেন আহতের ভাই তরিকুল ইসলাম। সহকর্মী জুবায়ের ফোন সেটের কথা বলে মোড়কে ভরে আয়েশাকে ওই বোমা দেয় বলে আয়েশার অভিযোগের ভিত্তিতে ওই দিনই জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে বোমা সরবরাহের অভিযোগে নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিবি/এএইচ/এইচএ/২১৪৮ ঘ.