২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চিকিৎসকের লাশ উদ্ধার

গাজীপুরের সদরে একটি প্রাইভেটকারের ভেতর থেকে মঙ্গলবার রাতে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 01:20 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গাজীপুর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের সদরে একটি প্রাইভেটকারের ভেতর থেকে মঙ্গলবার রাতে এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ভোগড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা এই গাড়িতে মনিরুল হুদা রুপমের (৪০) লাশ পাওয়া যায়। তিনি ময়মনসিংহ শহরের ইটাখোলা রোডের মো. আব্দুল সামাদের ছেলে। মির্জাপুরে ‘আল মদিনা হাসাপাতাল ও ডায়াগনস্টিক’ নামের একটি প্রতিষ্ঠান রয়েছে তার। গাজীপুর সদর সার্কেলের এএসপি মো. ফারুক হোসেন বলেন, ভোগড়ায় একটি পোশাক কারখানার সামনে মনিরুলের গাড়িটি দাঁড় করানো ছিল। গাড়ির পেছনের সিটে বসে থাকা মনিরুলকে ডাকাডাকি করার পরও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় কারখানার লোকজন। পুলিশ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বলেন, “মনিরুল অনেক আগেই মারা গেছেন।” মঙ্গলবার রাতে তিনি গাজীপুরের কালিয়াকৈরের মৌচাকে একটি ক্লিনিকে অস্ত্রোপচার করতে যান বলে জানান এএসপি ফারুক। পুলিশ প্রাইভেটকারটি ছাড়াও নিহতের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা এবং তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করে। গাড়ির সামনের কাচ ভাঙ্গা, বনেটে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি জানান। মনিরুলের মামা জালাল উদ্দিন খান বলেন, ২০০১ সালে মনিরুলের ছোট ভাই আতাউস সামাদও গাজীপুরের সালনা এলাকা থেকে নিখোঁজ হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১০০৯ ঘ.