মৌলভীবাজার, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুরের সেই ‘অলৌকিক ক্ষমতাধর’ তুলসী ধর হিস্টিরিয়া রোগ আক্রান্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বুধবার সকাল ১১টার দিকে তুলসীর বাড়িতে যান জেলা সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী।
এর আগে মঙ্গলবার রাতে পুলিশ ‘দেবী’ আশীর্বাদের আশায় তুলসীর বাড়িতে ভিড় করা লোকজনকে সরিয়ে দেয়।
সিভিল সার্জন রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তুলসী আবার অস্বাভাবিক আচরণ শুরু করলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়ার জন্য তার পরিবারকে নির্দেশ দিয়েছি।”
তুলসীর ঘটনাটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক কামরুল আম্বিয়ার কাছ থেকে জানতে পেরে মঙ্গলবার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইয়াহিয়াকে তদন্তের নির্দেশ দেন সিভিল সার্জন।
বিকালে ডা. ইয়াহিয়া সিভিল সার্জনের কাছে দেওয়া তদন্ত প্রতিবেদনে আচরণ ও লক্ষণ দেখে তুলসীকে হিস্টিরিয়া রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরে সিভিল সার্জনের নির্দেশে ডা. ইয়াহিয়াসহ পুলিশ গিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে তুলসীর বাড়ির উঠান থেকে লোকজনদের সরিয়ে দিয়ে তুলসীকে ঘরের ভেতর পাঠিয়ে দেয়।
স্থানীয়রা জানায়, তুলসীর ‘দেবীত্ব লাভের’ ঘটনার শুরু গত ৭ জুলাই।
তুলসীর বাবা সুমন ধর জানান, সেদিন মাঝরাতে ঘুমের মধ্যে তুলসী চিৎকার করে কেঁদে ওঠে। পরদিন বার বার মূর্চ্ছা যেতে থাকে সে। মূর্চ্ছা ভাঙার পর বিড় বিড় করে কী যেন বলতে থাকে।
এরপর পুরোহিত ডাকা হলে তিনি এসে জানান, তুলসীর ওপর ‘শ্মশানকালী’ ভর করেছে।
এরপর তুলসী ‘অলৌকিক’ ক্ষমতার অধিকার হয়েছে ভেবে হাজারো মানুষ তার কাছে সমস্যা সমাধানের আশায় আসতে থাকে।
ফলে মৌলভীবাজার সরকারি স্কুলের নবম শ্রেণীর এই ছাত্রীর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়।
তুলসীর হাতের ছোঁয়ায় মুহূর্তেই অনেকে আরোগ্য লাভ করেন বলে দাবি করা হলেও সোমবার দুপুরে সেখানে দেড় ঘণ্টা অবস্থানকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে আশীর্বাদ প্রার্থীদের ‘ফু’ নিতে দেখা গেলেও তাৎক্ষণিকভাবে কাউকে সুস্থ হতে দেখা যায়নি।
এই নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৬৫৫ ঘ.
bdnews24