নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক বাড়ির দু’টি ফ্লাটে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার ভোরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে লোকজনদের জিম্মি করে ১১৩ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাড়ির মালিক থান কাপড় ব্যবসায়ী শাকিল আহম্মেদ সাংবাদিকদের জানান, ভোর সাড়ে ৩টার দিকে চাষাঢ়ায় নবাব সলিমুল্লাহ সড়কে তার বাড়িতে ১৫/২০ জন ডাকাত হানা দেয়।
বাড়ির কলাপবিল গেইটের তালা ভেঙ্গে ভবনের দ্বিতীয় তলায় উঠে বাচ্চু মিয়ার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে ডাকাতরা। বাচ্চু ওই বাড়িতে ভাড়া থাকেন।
বাচ্চুর ফ্ল্যাটে অস্ত্রের মুখে ৫৩ ভরি স্বর্ণালঙ্কার, পাঁচটি মোবাইল সেট ও নগদ ৫০ হাজার টাকা লুট করার পর একই কায়দায় তার ফ্ল্যাটে ঢোকে ডাকাতরা।
তার ফ্ল্যাট থেকে আরো ৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দেড় লাখ টাকা ও ৩টি মোবাইল লুট করে ডাকাতরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৩৫ঘ.
bdnews24