ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে সরকার গঠন করলে পদ্মা সেতু প্রকল্পে জনগণের কাছ থেকে সংগ্রহ করা ‘চাঁদার’ হিসাব নেবে বিএনপি।
দলটির শীর্ষস্থানীয় একজন নেতা বলেছেন, বিশ্ব ব্যাংকসহ দাতাদের অর্থায়নেই পদ্মাসেতু নির্মাণের ব্যবস্থা করবে তারা।
বুধবার রাজধানীতে এক সভায় দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পদ্মাসেতুর নামে টাকা তুলতে সারাদেশে ব্যাপক চাঁদাবাজি শুরু হয়ে গেছে। চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা করতে গিয়ে ক্ষমতাসীন দলের একজন খুন হয়েছে।
“আমরা স্পষ্টভাষায় বলতে চাই- আগামীতে ক্ষমতায় গেলে এই সেতুর নামে কত টাকা ব্যাংকে জমা হয়েছে, কত টাকা তোলা হয়েছে, তা পূর্ণাঙ্গভাবে আমরা তদন্ত করে দেখবো।”
দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে দাবি করে পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি গত ২৯ জুন বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর এডিবিও ২৯০ কোটি ডলারের এই প্রকল্প থেকে সরে দাঁড়ায়।
দাতা সংস্থার অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা ঘোষণা করেন। এরপর সারাদেশের জনগণ এ সেতু প্রকল্পে বিভিন্নভাবে টাকা পাঠানোর ঘোষণা দেন।
জাতীয় প্রেসক্লাবে জিয়া নাগরিক ফোরামের উদ্যোগে ‘আওয়ামী লীগের দুঃশাসনে দেশবাসী কেমন আছেন ও ভবিষ্যৎ ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে জনগণের কাছে অর্থ সংগ্রহ করার ঘোষণা দিয়ে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছেন।
“তার এই ঘোষণার পর চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একজন খুন হয়েছে। শুনেছি- বিমানবন্দরে প্রত্যেক যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকার রশিদবিহীন চাঁদা তোলা হচ্ছে। বাস, লঞ্চ ও রেল স্টেশনেও চাঁদা তোলা হচ্ছে।”
সরকারের দুর্নীতির কারণেই বিশ্ব ব্যাংক পদ্মাসেতুর ঋণ চুক্তি বাতিল করেছে বলে দাবি করেন মোশাররফ।
সরকার গঠন করলে বিশ্বব্যাংকসহ দাতাদের অর্থায়নেই পদ্মাসেতু নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সাবেক মন্ত্রী মোশাররফ বলেন, “আমরা মনে করি, বিশ্বব্যাংকে থেকে সহজ শর্তে অর্থাৎ দশমিক ৭৫ শতাংশে সুদ সুবিধাসহ ৪০ বছরে ঋণ পরিশোধে পদ্মাসেতু নির্মাণ সম্ভব। নিজস্ব অর্থায়নে সেতু নির্মাণ কোনোভাবে লাভজনক হবে না।”
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সর্বক্ষেত্রে সরকারের ‘ব্যর্থতার’ চিত্র তুলে ধরে তিনি বলেন, সরকারের প্রায় চার বছরের শাসনামলে দেশের সাধারণ মানুষ ভালো নেই। ভালো আছেন, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যসহ ক্ষমতাসীন দলের লোকজনরা।
এ অবস্থার অবসানে নির্দলীয় সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মিয়া আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন হ এহছানুল হক মিলন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, নাগরিক সংসদের সভানেত্রী খালেদা ইয়াসমীন, সংগঠনের সাধারণ সম্পাদক কে এম জামান বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৫৫০ ঘ.
bdnews24