২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুকিয়ে থেকে মিথ্যা অপহরণ মামলা, যুবক আটক

প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইয়ের পরামর্শে লুকিয়ে থেকে অপহরণ নাটকের এক মাস পর এক যুবককে উদ্ধার করে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিপক্ষকে ফাঁসাতে ভাইয়ের পরামর্শে লুকিয়ে থেকে অপহরণ নাটকের এক মাস পর এক যুবককে উদ্ধার করে আটক করেছে পুলিশ। মঙ্গলবার নগরীর বন্দর থানায় আটক ওই যুবককে সাংবাদিকদের সামনে হাজির করে পুলিশ। যুবক রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে (২২) সোমবার ভোরে জামালপুর রেলস্টেশন থেকে আটক করা হয়। সে নগরীর বন্দর থানার দক্ষিণ-মধ্যম হালিশহরের জাফর আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, গত ১৭ জুন রাজু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরে তার বাবা জাফর আহম্মেদ প্রতিপক্ষ সাতজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় নাইম উদ্দিন মাহবুব ও রকিবুল হাসানসহ কয়েকজনের সঙ্গে রাজুর পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে গত ২৬ মার্চ রাজু ও তার পরিবারের সদস্যরা নাইম উদ্দিনসহ কয়েকজনের ওপর হামলা চালায়। এতে নাইমসহ তিনজন গুরুতর আহত হন। এ ঘটনায় ওই সময় রাজুর পরিবারের পাঁচ সদস্যেও বিরুদ্ধে থানায় মামলা হয়। এসআই আলমগীর আরও বলেন, ওই মামলায় জামিনে বেরিয়ে এসে গত ১৭ জুন রাজু পালিয়ে যায়। এরপর উল্টো মামলার বাদি ও সাক্ষীসহ সাতজনের বিরুদ্ধে অপহরণের মামলা করেন রাজুর বাবা জাফর আহম্মেদ। অপহরণ মামলা নিয়ে পুলিশের সন্দেহ হলে অনুসন্ধান ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে রাজুকে আটক করা হয়। আটক রাজু অপহরণ নাটক সাজানোর বিষয়ে সাংবাদিকদের বলেন, “আমার ভাই বাদশার পরামর্শে আমি লুকিয়ে ছিলাম। এখন পাপের শাস্তি ভোগ করছি।“ গত এক মাসে রাজু ঢাকার কাফরুল, নিউ ডিওএইচএস, দেওয়ানগঞ্জ ও জামালপুরে লুকিয়ে ছিল বলে সাংবাদিকদের কাছে স্বীকার করেছে। বন্দর থানার ওসি জাহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাজুর বাবা জাফর আহম্মেদ মিথ্যা মামলা দায়ের করেছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাজুও পালিয়ে থেকে অপহরণ মামলায় সহযোগিতা করেছে। একারণে রাজুর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। অপহরণ মামলা সাজানোর মূল হোতা রাজুর রড় ভাই গিয়াস উদ্দিন বাদশা ও ভগ্নিপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে এসআই আলমগীর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমসি/এইচএ/২২৪৮ ঘ.