ময়মনসিংহ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলায় তিন দিনের সফরের প্রথম দিনে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা পরিদর্শন করেছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
মঙ্গলবার সকালে মজিনা ময়মনসিংহ ডাক বাংলোয় পৌঁছলে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া।
এরপর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শহরের সাহেব কোয়ার্টার সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা পরিদর্শন করেন। সেখানে তাকে স্বাগত জানান সংগ্রহশালার কিপার ড. বিজয় কৃষ্ণ বণিক।
ড্যান মজিনা সংগ্রহশালার গ্যালারি ঘুরে দেখেন। জয়নুল আবেদিনের ছবি দেখে মুগ্ধ হয়ে তিনি সফরসঙ্গীদের বলেন, “এই জাদুঘর শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের সম্পদ।”
সংগ্রহশালার পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ‘জয়নুল আবেদিন : শিল্পী ও শিল্পকর্ম’ শীর্ষক একটি বই উপহার দেওয়া হয়।
ড্যান মজিনা এরপর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল হকের সঙ্গে দেখা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খামার ও এলাকাও ঘুরে দেখেন।
বিকালে তিনি সীমান্ত উপজেলা হালুয়াঘাট পরিদর্শনে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১১৬ ঘ.
bdnews24