২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বে অবহেলায় বিআরটিএ পরিদর্শক প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিআরটিএ কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 12:55 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত বিআরটিএ কার্যালয়ের পরিদর্শক জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রেলপথ ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ কেরানীগঞ্জের ইকুরিয়ার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে উপস্থিত হয়ে এ নির্দেশ দেন। রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রী নারায়ণগঞ্জের পাগলা বাজারে গিয়ে যাত্রাবাড়ীর যানজট এড়াতে ঢাকা-চট্টগ্রাম রোডে দুটি ও ঢাকা-সিলেট পথে একটি বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দেন বলে শরিফুল আলম জানান। টঙ্গী স্টেশন বাজার থেকে কাঞ্চন সেতু হয়ে এবং পোস্তখোলা-চাষাড়া পথে ঢাকা-চট্টগ্রামের জন্য বিকল্প রাস্তা এবং সিলেট যেতে টঙ্গী স্টেশন থেকে ঘোড়াশাল সেতু হয়ে যানবাহনগুলো যাওয়ার নির্দেশ দেন মন্ত্রী। এ তিনটি বিকল্প রাস্তা চালু হলে যাত্রাবাড়ী এলাকায় যানজট অনেকটা কমে যাবে বলে মন্ত্রী মনে করেন। ওই তিনটি বিকল্প রাস্তায় কিছু কাজ করে দুই-এক দিনের মধ্যে যান চলাচল সম্ভব বলে জানান জনসংযোগ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৮৫১ ঘ.