ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র মিলনায়তনে জাতীয় শ্রমিক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা ইনশাল্লাহ, নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করে বিশ্ববাসীকে দেখিয়ে দেব। দেখিয়ে দেব- আমরাও পারি।”
পদ্মা সেতুর জন্য অর্থ সংস্থানের বিষয়ে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
“অর্থ সংকুলান করতে পারবো, ইনশাল্লাহ”, দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আমরা চাই দেশটা সাবলম্বী হোক। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা কারো দান-খয়রাত চাই না। করো কাছে হাত পাততে চাই না। আমাদের আত্মসম্মানবোধ আমাদের সম্পদ।
শ্রমিকদের আরো মনোযোগ দিয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের উৎপাদন বাড়াতে হবে। মনযোগ দিয়ে কাজ করতে হবে, যেন আমরা রপ্তানি বাড়াতে পারি।”
২০০১ সালে ক্ষমতায় গিয়ে আদমজী পাটকল বন্ধ করে দেওয়ার বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন শেখ হাসিনা।
এ প্রসঙ্গে তিনি বলেন, তাদের (চারদলীয় জোট সরকার) লক্ষই হলো- আমাদের রপ্তানি বন্ধ হবে, আমদানি-নির্ভর দেশ হবো এবং ভিক্ষা করে খাবো। আমরা কোনো দিন মাথা তুলে দাঁড়াবো না।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি আদমজী পাট কল বন্ধ না করলে বিশ্ব বাজারে বাংলাদেশের পাটের বাজার আরো বড় হতো।
‘সন্ত্রাস-জঙ্গিবাদ সৃষ্টিকারীদের’ এবং ‘দুর্নীতিবাজদের’ জনগণ আর ভোট দেবে না বলেও মনে করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা হাওয়া ও খোয়াব ভবন বন্ধ করেছি। আবার এসে উনি (খালেদা জিয়া) সেগুলো চালু করবেন।”
শেখ হাসিনা বিরোধীদলের নাম উল্লেখ না করলেও বিএনপি’র প্রতি ইঙ্গিত করে বলেন, “মানুষ সামনের দিকে যেতে চায়। ওনারা পেছনের দিকে যেতে চায়।”
তিনি প্রশ্ন করেন, “কার পা পেছনে থাকে ?” নিজেই এর উত্তর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ভূতের পা পেছনে থাকে।”
শ্রমিকদের উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করতে গিয়ে শেখ হাসিনা জানান, তিনি নিজে শ্রমিকদের হয়ে গার্মেন্টস মালিকদের চাপ দিয়ে ন্যূনতম মজুরি তিন হাজার টাকা করেছেন। সব শ্রমিকের ন্যায্য অধিকার রক্ষাই তার সরকারের লক্ষ্য।
“যারা অর্থনীতিতে অবদান রাখে- তাদের মঙ্গল করতেই আমরা কাজ করে যাচ্ছি।”
“আমাদের লক্ষ আত্মনির্ভরশীল হওয়া। এ লক্ষ্যে আমরা আমাদের অর্থনীতি মজবুত করতে সক্ষম হয়েছি।”
৭ শতাংশের বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিষয়েও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
বিনা জামানতে এক লাখ টাকা ঋণ দেওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশে কোনো বেকার যুবক থাকবে না। কর্মসংস্থান ব্যাংক থেকে তারা বিনা জামানতে এক লাখ টাকা পর্যন্ত নিতে পারবে।
শ্রমিক লীগের নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, শ্রমিক লীগকে দেশব্যাপী শক্তিশালী করতে হবে। দুঃখী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। যে কোনো দুঃসময়ে বলিষ্ঠ ভূমিকার রাখতে হবে।
বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ পড়ার জন্য শ্রমিক লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা তার আদর্শের সৈনিক, তারা এই বইটি পড়বেন।”
এর আগে, শেখ হাসিনা সম্মেলনস্থলে উপস্থিত হয়ে প্রথমে জাতীয় পতাকা এবং শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টার দলীয় পতাকা উত্তোলন করেন। সেসময় জাতীয় সঙ্গীত পরিবশেন করা হয়।
একই সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক জেলার সভাপতিরা নিজ নিজ জেলার পক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন।
প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় শ্রমিক লীগের সম্মেলন উদ্বোধন করেন।
এরপর, শিল্পী ফকির আলমগীর তিনটি গান পরিবেশন করেন। এরমধ্যে, একটি ছিলো পদ্মা সেতু নিয়ে।
জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মতিন মাস্টারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, শ্রমিক লীগের সহ-সভাপতি ও নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ এবং বাংলাদেশে আইএলও’র আবাসিক প্রতিনিধি আঁন্দ্রে বোগুই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রায় রমেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৮১৫ ঘ.
bdnews24