২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষ, ৫ দিন পর বড় ভাইয়েরও মৃত্যু

গাজীপুর সদর উপজেলায় এক সংঘর্ষে ছোট ভাই মারা যাওয়ার পাঁচ দিন পর আহত বড় ভাই মো. আশরাফুজ্জামানও মারা গেলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় এক সংঘর্ষে ছোট ভাই মারা যাওয়ার পাঁচ দিন পর আহত বড় ভাই মো. আশরাফুজ্জামানও মারা গেলেন। পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুজ্জামানের মৃত্যু হয়। এই হাসপাতালেই গত ১২ জুলাই রাতে মারা যান আশরাফুজ্জামানের ছোট ভাই সংঘর্ষে প্রতিপক্ষের হাতে আহত জামির হোসেন (৩০)। আশরাফুজ্জামান ও জামির হোসেন উপজেলার বানিয়ারচালা মেম্বারবাড়ি এলাকার মিয়াজ উদ্দিনের ছেলে। ওই দিনের হামলায় আহত হয়ে মিয়াজ উদ্দিন এবং তার আরো দুই ছেলে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। জয়দেবপুরের হোতাপাড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ জুলাই সন্ধ্যায় পারিবারিক বিষয়-আশয় নিয়ে আশরাফুজ্জামানের সঙ্গে তার চাচাতো ভাই জামাল হোসেনের প্রথমে তর্কাতর্কি ও পরে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ১০টার দিকে জামাল হোসেন ও তার লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মিয়াজ উদ্দিনের পরিবারের ওপর হামলা চালায়। তখন কুপিয়ে জখম করা হয় মিয়াজ উদ্দিন, তার ছেলে জামির হোসেন, আশরাফুজ্জামান, বেলায়েত হোসেন ও নাজমুল হোসেনকে। তাদের প্রথমে গাজীপুর সদর হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে রাতেই তাদের সবাইকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। ওই রাতেই জামির মারা যান। এএসআই জানান, মামলার আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে। এদিকে ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মিয়াজ উদ্দিনের স্বজনরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২১০ ঘ.