২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যাখুনী গ্রেপ্তার না হলে ঈদের পর ‘কঠোর কর্মসূচি’

ঈদের আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানিয়ে সাংবাদিকদের সংগঠনগুলো বলছে, তা না হলে ঈদের পর সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি জানিয়ে সাংবাদিকদের সংগঠনগুলো বলছে, তা না হলে ঈদের পর সারা দেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, “দাবি আদায়ে আমরা রমজান মাসে বিভিন্ন স্তরে মতবিনিময় সভা করব। ঈদের পর ঘোষণা করা হবে কঠোর আন্দোলন।” সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সাংবাদিক নির্যাতন বন্ধ ও মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার দাবিতে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন। গত ১১ ফেব্রুয়ারি রাজাবাজারের নিজ বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। প্রথমদিকে এ মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করলেও এখন তদন্ত করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। সাগর-রুনির পারিবারিক জীবনাচরণ নিয়ে গত মাসে লন্ডনে একটি অনুষ্ঠানে এটিএন বাংলা চেয়ারম্যান মাহফুজুর রহমানের বিতর্কিত মন্তব্যের জন্য তার সমালোচনাও করেন সাংবাদিক নেতারা। এরপর তার মালিকানাধীন দুটি চ্যানেলের কোন টক শো, অনুষ্ঠানে যোগ না দিতে সাংবাদিক নেতারা আহ্বান জানিয়েছিলেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের এক অংশের সভাপতি আবদুস শহিদ বলেন, “মাহফুজুর রহমানকে এনিমি অব প্রেস ঘোষণা করা হয়েছে।” এটিএন বাংলার অনুষ্ঠানে যেসব সাংবাদিক যোগ দিচ্ছেন তাদেরকে ‘বিশ্বাসঘাতক’ মন্তব্য করেন তিনি বলেন, “আমাদের আহ্বান অমান্য করে দুটি টিভিতে টকশোতে অংশ নিচ্ছেন। তাদেরকে বয়কট, অবাঞ্চিত ঘোষণা করা হবে। তাদেরকে সতর্ক করে দিতে চাই।” ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, “সাংবাদিক সমাজের চেয়ে কি খুনীরা বেশি শক্তিশালী? রমজানের পর আন্দোলনে ভিন্নমাত্রা যোগ হবে। খুনী গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।” ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাশেংর সাধারণ সম্পাদক শাবান মাহমুদ বলেন, “আমরা রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি। কিন্তু হত্যাকারীরা এতো ক্ষমতাধর যে তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।” এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদানকারী দুটি পত্রিকার বর্তমান ও সাবেক সম্পাদককে ‘একঘরে’ করে রাখার হুমকিও দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএসটি/আরএ/১৬৪০ ঘ.