২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহকর্মীর বোমায় নারী আহত, গ্রেপ্তার ২

পুলিশ বলছে, এক সহকর্মী মোড়কে ভরে বোমাটি ওই নারীর হাতব্যাগে দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে হাতব্যাগে থাকা বোমা বিস্ফোরিত হয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক নারী কর্মী আহত হয়েছেন। পুলিশ বলছে, এক সহকর্মী মোড়কে ভরে বোমাটি তার হাতব্যাগে দিয়েছিল। শেরে বাংলা থানার ওসি জাকির হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আয়েশা সিদ্দিকা নামের ওই নারী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে সহকারী প্রোগ্রামার হিসাবে কাজ করেন। তাকে আহত অবস্থায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার সহকর্মী জুবায়ের আহমেদ ও নুরুল ইসলাম নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছে বলেও জানিয়েছে পুলিশ। ওসি জাকির হোসেন বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সামনে দিয়ে নিজের কার্যালয়ে যাওয়ার সময় রাস্তায় আয়েশার হাতব্যাগে থাকা বোমাটি বিস্ফোরিত হয়। ঘটনার প্রতক্ষদর্শী ফুটপাতের চা বিক্রেতা মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হঠাৎ বিকট শব্দ শুনি। তাকিয়ে দেখি, এক মহিলা পিকেএসএফ ভবনের সামনে থেকে দৌঁড়ে এসে পড়ে গেল।” বিস্ফোরণের ফলে আয়েশা সিদ্দিকার কোমরের কাছে দেহের পেছনের অংশে বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়েছে বলে মালেক জানান। তিনি বলেন, “ওই মহিলা শুধু বলছিল- আমাকে বাঁচান, আমাকে বাঁচান।” পরে হাসপাতালে চিকিৎসাধীন আয়েশার কাছ থেকে পুলিশ জানতে পারে, সকালে আগারগাঁওয়ের ইসলামী ফাউন্ডেশন কার্যালয়ে সামনে তার সঙ্গে তার সহকর্মী জুবায়েরের দেখা হয়। জুবায়ের তাকে একটি প্যাকেট দিয়ে সেটি অফিসে পৌঁছে দিতে বলে। পুলিশের উপ কমিশনার (তেজগাঁও) ইমাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমককে জানান, আয়েশার কাছ থেকে তথ্য পেয়ে ঘণ্টাখানেক পর জুবায়েরকে গ্রেপ্তার করে পুলিশ। “সে জিজ্ঞাসাবাদে বলেছে, আয়েশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সমস্যা শুরু হওয়ায় আয়েশাকে শিক্ষা দেওয়ার জন্য সকালে প্যাকেটে ভরে ওই বোমাটি তাকে দেয় জুবায়ের।” নুরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকায় ওই বোমাটি কেনেন বলেও জানান জুবায়ের। পরে কাজীপাড়া এলাকা থেকে নুরুল ইসলামকেও গ্রেপ্তার করা হয় বলে ইমাম হোসেন জানান। গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহকারী কমিশনার সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধারণা, এটি পাইপ বোমা। ঘটনাস্থলে একটি পোড়া পাইপ, মোবাইলের টুকরা যন্ত্রাংশ ও কাগজপত্র পাওয়া গেছে।” বিস্ফোরণে হাতব্যাগটি ছিন্নভিন্ন হয়ে যায় বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/জেকে/১৫১০ ঘ.