রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল হাসান সোহেল নিহতের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।
মতিহার থানার এএসআই শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের এমবিএ শিক্ষার্থী মোহাম্মদ নোমান সোমবার রাত সাড়ে ১২টার দিকে এ মামলা করেন।
সোহেলকে মঙ্গলবার সকাল ৯টায় রংপুরের কাউনিয়া উপজেলার শাব্দি ভুতছাড়ায় গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
সোহেল হত্যার বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও মৌন মিছিল করেছে শিক্ষক শিক্ষার্থীরা।
পদ্মা সেতুর চাঁদা তোলাকে কেন্দ্র করে বিশ্ব বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক আবু হোসাইন বিপুর দুই অনুসারীর মধ্যে তর্কাতর্কির জেরে রোববার রাতে সংঘর্ষ বাঁধে বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্রাবাসে। এতে গুলিবিদ্ধ হন আব্দুলাহ আল হাসান সোহেল। সোমবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মতিহার থানার এএসআই শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদ নোমান যে হত্যা মামলা দায়ের করেছেন, তাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিনসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
সোহেলের দাফন
সোহেলের লাশ সোমবার গভীর রাতে ঢাকা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার শাব্দি ভুতছাড়ায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর সকালে শাব্দি মাদ্রাসা মাঠে তার জানাজা হয়।
এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় বলে পরিবারের সদস্যরা জানান।
কাউনিয়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সহপাঠীরা সোহেলের জানাজায় অংশ নেন।
জানাজার আগে সোহেলের বাবা কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে আর কোনো ছাত্র যেন সোহেলের মতো লাশ হয়ে না ফেরে।”
সোহেল হত্যার বিচার দাবি
এদিকে সোহেল হত্যার বিচার দাবিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মৌন মিছিল করেন জাতীয়তাবাদী শিক্ষক সমাজের সদস্যরা।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও ফলিত গণিত বিভাগের অধ্যাপক শামসুল আলম সরকারের নেতৃত্বে শতাধিক শিক্ষক এই মৌন মিছিলে অংশ নেন।
মিছিল শেষে প্রশাসনিক ভবনের সামনে এক সমাবেশে এ হত্যাকা-ের বিচার ও উপাচার্যের পদত্যাগ দাবি করেন শিক্ষকরা।
অধ্যাপক শামসুল আলম বলেন, এই দাবিতে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করবেন তারা।
এদিকে সোহেল হত্যার বিচার দাবিতে তার বিভাগ সমাজ বিজ্ঞানের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে মানবন্ধন করে।
মানববন্ধন অংশ নেওয়া সমাজ বিজ্ঞানের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/জেকে/১৪৩০ ঘ.
bdnews24