২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আকিজ কারখানায় গুলিবিদ্ধ আরেক শ্রমিকের মৃত্যু

আকিজ বিড়ির কারখানায় আনসারের গুলিতে আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা তিন জনে দাঁড়াল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 06:38 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

কুষ্টিয়া, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকিজ বিড়ির কারখানায় আনসারের গুলিতে আহত আরেক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা তিন জনে দাঁড়াল। দৌলতপুর থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মঙ্গলবার ভোর ৫টার দিকে মারা যান কালা নামের ৩৫ বছর বয়সী ওই শ্রমিক। এদিকে আরেক শ্রমিকের মৃত্যুর খবরে হোসেনাবাদে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। মজুরি বাড়ানোর দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ি কারখানায় রোববার শ্রমিকদের সমাবেশে আনসার সদস্যরা গুলি চালালে মিন্টু ও রাকিবুল নামে দুই বিড়ি শ্রমিক নিহত ও ১০জন আহত হন। ওই সময় কারখানায় দায়িত্বে থাকা আট আনসার সদস্যকে ওইদিনই প্রত্যাহার করা হয়। গ্রেপ্তার করা হয় কারখানার ব্যবস্থাপককে। ওসি লুৎফর রহমান জানান, নিহত মিন্টুর ভাই সেন্টু বাদি হয়ে সোমবার রাত ১১টার দিকে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতপরিচয় ১৪-১৫ জনকে আসামি করা হয়েছে। কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বিকেলে দৌলতপুর হোসেনাবাদ ভোকেশনাল ইনস্টিটিউটে শ্রমিক নেতাদের সঙ্গে সভা করেছেন তিনি। সেখানে তিনি শ্রমিকদের চার দফা দাবি পূরণের জন্য মালিক পক্ষের হয়ে প্রতিশ্রুতিও দিয়েছেন। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পাঁচ লাখ করে টাকা এবং আহতদের চিকিৎসা ব্যয় বহনেরও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১২৩০ ঘ.