২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে বিএনপির ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরে বিএনপির সাধারণ সভায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 03:09 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চাঁদপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে বিএনপির সাধারণ সভায় সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ১১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা সোমবার রাত ১১টার দিকে চাঁদপুর সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন বলে পুলিশ জানিয়েছে। চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৬০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক, সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা যুবদল সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেনও রয়েছেন। গত রোববার চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায় জেলা বিএনপির সাধারণ সভায় এক নেতা সভার ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন তুললে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েক জন আহত হন। ওসি জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে দাঙ্গা-হাঙ্গামা, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ব্যবহার, নেতাকর্মীদের আহত করা, চুরি ও টাকা ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/০৯০৫ ঘ.