গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলায় বাস উল্টে নিচে চাপা পড়ে বাসের সুপারভাইজার ও চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
রোববার রাত ২টার দিকে সদর উপজেলার জিরানী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে এঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার মো. সাইদুল ইসলাম (২৮) ও চালকের সহকারী মো. আইনুল হক (২৬)।
সাইদুল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার বুড়াবাইয়া খা এলাকার নবাব উদ্দিন ব্যাপারীর ছেলে এবং আইনুল একই থানার বামুনজল এলাকার জয়নাল আবেদিনের ছেলে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির এসআই মো. ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী অর্নব পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময়ে বাসের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম ও আইনুল মারা যান।
এ ঘটনায় বাসের কমপক্ষে ১৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ প্রতিনিধি/এইচএএইচ/এএল/২১০৯ ঘ.
bdnews24