মুন্সীগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাওয়া ঘাটে জেলা পরিষদ ও বিআইডব্লিউটিএ’র নিয়োগ করা দুই ইজারাদারের মধ্যে ব্যাপক সংষর্ষের ঘটনা ঘটেছে।
সংঘর্ষে লৌহজং থানার ওসি ও দুই পুলিশ সদস্যসহ উভয়পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন।
আহতরা হলেন- ওসি মো. আরজু মিয়া, কনস্টেবল মো. সোহেল ও মো. আক্তার হোসেন, শেখ জামান (২৮), মো. হাসান (২৫), শেখ সেলিম (৩০) শেখ শামীম (২৭) ও আক্তার হোসেন (২৮)।
লৌহজং থানার এএসপি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আপিল বিভাগ থেকে মাওয়া খেয়াঘাটে জেলা পরিষদের সব কার্যক্রমের উপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের পর সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ নিযুক্ত ইজারাদার মো. হামিদুল ইসলাম তার লোকজনসহ মাওয়া ঘাটের দখল নিতে যান। ওই সময় সেখানে অবস্থানরত বিআইডব্লিউটি নিযুক্ত ইজারাদার মো. আশরাফ হোসেনের লোকজনের সঙ্গে তার কাথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা ও রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় লৌহজং থানার ওসি মো. আরজু মিয়া, কনস্টেবল সোহেল ও আক্তারসহ কমপক্ষে ৮ জন আহত হন।
সংঘর্ষে গুরুতর আহত ওসি আরজু মিয়াকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতাল ও পরে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া কনস্টেবল হাসানকে ঢাকার মিটফোর্ট হাসপাতাল, সোহেলকে লৌহজং হাসপাতাল ও আক্তারকে ষোলঘর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের সময় ইজারাদার হামিদুলের লোকজন মাওয়া মৎস্য আড়তের কাছে ও আশরাফের লোকজন সিবোট ঘাটের কাছে আবস্থান নেয়। আশরাফ পদ্মা দিয়ে ট্রলারে করে কয়েক শত লোক জড়ো করেন। অন্যদিকে হামিদুলও মাইকযোগে প্রচার করে তার লোকজনকে জড়ো করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। এছাড়া শ্রীনগর ও সিরাজদিখান থানাসহ মুন্সীগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ তলব করা হয়। অবস্থার অবনতি হলে স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন সকাল সাড়ে ১০টার দিকে উভয় ইজারাদার, প্রশাসন ও সংশ্লিষ্টদের নিয়ে মাওয়া পদ্মা সেতু রেস্ট হাউসে বৈঠক করার পর পরিস্থিতি শান্ত হয়।
বৈঠক শেষে লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সাংবাদিকদের জানান, উচ্চ আদালতের নির্দেশে মাওয়া ঘাটের সব কার্যক্রম চলবে। তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই পক্ষের ইজারাদারের সঙ্গে আলোচনা সাপেক্ষে টোল আদায় বন্ধ রাখা হয়েছে। পওে সন্ধ্যায় সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির বাসায় উভয় পক্ষকে নিয়ে বৈঠক বসার কথা। বৈঠকে সমাধান না হওয়া পর্যন্ত কেউ ঘাটে টোল আদায় করতে যাবে না।
মাওয়া নৌবন্দরের সহকারী বন্দর কর্মকর্তা বদরুল আলম জানান, ইজারাদারের টোল আদায় বন্ধ থাকলেও বিআইডব্লিউটিএ’র লঞ্চঘাটে দুই টাকা হারে টোল আদায় অব্যাহত রয়েছে।
প্রায় ৩০ বছর ধরে মাওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের অধীনে দুটি খেয়াঘাট একই জায়গায় থাকায় যাত্রীরা বরাবরই দুই ইজারাদারকেই টোল দিয়ে নদী পার হতো। কিন্তু এ বছরের ১৮ জুন জেলা পরিষদের ঘাটের সব কার্যক্রমের উপর স্থগিতাদেশ চেয়ে বিআইডব্লিউটিএ হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে।
১২ জুলাই বিআইডব্লিউটিএর ওই পিটিশনের বিরুদ্ধে জেলা পরিষদ হাইকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে একটি পিটিশন দায়ের করে। আদালত জেলা পরিষদকে খেয়া ঘাটের কার্যক্রম পরিচালনার আদেশ দেয়।
এই আদেশের সার্টিফাইড কপি নিয়ে জেলা পরিষদ নিযুক্ত ইজারাদার টোল আদায়ের জন্য সোমবার ঘাট হস্তান্তর করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২০৫৪ ঘ.
bdnews24