ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ।
সোমবার পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার আদালতের বিশেষ এজলাসে হাজির হয়ে নৌবাহিনী প্রধান নিজের বক্তব্য উপস্থাপন করেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা শুরু করেন।
জহিরউদ্দিন আহমেদকে প্রথমে জেরা করেন আসামিদের আইনজীবী আমিনুল ইসলাম।
এ আদালতের বিচারক অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামান গত ৪ জুলাই এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ ও বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমানকে তলব করেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৩ জন নিহত হন। রক্তাক্ত বিদ্রোহের পর সীমান্ত রক্ষা বাহিনীর নাম বদলে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিদ্রোহের ঘটনায় বাহিনীর নিজস্ব আইনে এবং হত্যার ঘটনায় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এই বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১১৫৫ ঘ.
bdnews24