২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জামিনের পর বাদিকে কুপিয়ে জখম

বাগেরহাটের শরণখোলায় জামিনে মুক্ত হয়ে মামলার বাদিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 01:16 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

বাগেরহাট, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলায় জামিনে মুক্ত হয়ে মামলার বাদিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক আসামির বিরুদ্ধে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার শহীদ মিনার সড়কে হামলা হয় আহত আবু হানিফের ওপর। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। হানিফের অভিযোগ, তার করা একটি মারামারি ও ভাংচুর মামলার আসামিরা জামিনে ছাড়া পেয়ে তার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “রাত ১১টার দিকে বাড়ি ফেরার সময় উত্তর কদমতলা গ্রামের আব্দুল হামিদের ছেলে শামীম হাসান সুজনের নেতৃত্বে ৭/৮ জন যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়।” সুজনসহ হামলাকারীদের কয়েকজন তার করা মামলার এজহারভুক্ত আসামি বলে জানান হানিফ। তাকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই বিষয়ে শরণখোলা থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, প্রতিবেশীদের সঙ্গে আবু হানিফের পরিবারের জমি সংক্রান্ত বিরোধের জেরে এর আগে মারামারি হয়েছে। ওই মামলার বাদি তিনি। “শনিবার রাতে তাকে কে বা কারা যেন কুপিয়ে জখম করেছে। তবে রোববার বিকেল পর্যন্ত তিনি থানায় কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে,” বলেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমআই/১৯০৭ ঘ.