চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারী বর্ষণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি পাহাড়ের একাধিক বড় অংশ ধসে পড়ে প্রায় ১০টি গাছ উপড়ে পড়েছে। এই কারণে ক্যাম্পাসে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহও।
রোববার সকালে পাহাড় ধসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কাটাপাহাড় দিয়ে ক্যাম্পাসের বিভিন্ন অনুষদে যাতায়াত পথে গাড়ি চলাচলও বন্ধ হয়ে যায়।
ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলাম জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, দুটি পাহাড়ের একাধিক অংশ ধসে কাটাপাহাড় সড়কের ওপর পড়েছে। ওই সড়কের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের কয়েকটি খাম্বা পাহাড়ের মাটির সঙ্গে নুইয়ে পড়েছে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় আবাসিক হলে পানি সরবরাহও বন্ধ রয়েছে। হলের অনেক শিক্ষার্থী বৃষ্টির পানি জমিয়ে গোসলসহ বিভিন্ন প্রয়োজন মেটাচ্ছে বলে প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী এলিজা খানম আঁখি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
প্রায় ১০টি বিভিন্ন জাতের বড় গাছ ধসে পড়া পাহাড়ের মাটির সঙ্গে সড়কে পড়েছে বলে জানান জুয়েল।
ওই সব পাহাড় ধসে কেউ আহত হননি বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড় ধসে পড়ায় কাটাপাহাড় সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। তবে বিকল্প সড়ক সোহরাওয়ার্দী হলের পাশ দিয়ে ক্যাম্পাসে যান চলাচল করেছে।
সড়ক থেকে ধসে পড়া পাহাড়ের মাটি ও গাছ সরানোর কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ দিতেও কাজ চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮৫৫ ঘ.
bdnews24