২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণে আদালতের সংখ্যা বাড়ছে

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য জেলা জজের পাশাপাশি অতিরিক্ত জেলা জজ ও সেশন জজদের আদালত (ট্রাইব্যুনাল) পরিচালনার ক্ষমতা দেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য জেলা জজের পাশাপাশি অতিরিক্ত জেলা জজ ও সেশন জজদের আদালত (ট্রাইব্যুনাল) পরিচালনার ক্ষমতা দেওয়া হচ্ছে। আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের একথা জানান। এর আগে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন নাগরিক সমন্বয় সেল’-এর একটি প্রতিনিধি দল আইনমন্ত্রীর সঙ্গে দেখা করেন। এতে নেতৃত্ব দেন অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সভাপতি কামাল লোহানী। এছাড়া বেসরকারি সংস্থা (এনজিও) নিজেরা করি’র সমন্বয়কারী খুশী কবির, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক তবারক হোসেইন, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) আইন উপদেষ্টা এস এম রেজাউল করিমও প্রতিনিধি দলে ছিলেন। বৈঠক শেষে শফিক আহমেদ বলেন, সরকার অর্পিত সম্পত্তি আইন পাস করার পর দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। প্রতিটি জেলায় তিন থেকে চার হাজার পর্যন্ত আবেদন জমা পড়েছে। প্রতি জেলায় একটি মাত্র ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আদালত (ট্রাইব্যুনাল)’ দিয়ে এ সংক্রান্ত বিচারিক কার্যক্রম দ্রুত নিষ্পত্তি সম্ভব না হওয়ায় জেলা জজের পাশাপাশি অতিরিক্ত জেলা জজ ও সেশন জজদের আদালত পরিচালনার ক্ষমতা দেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান। অর্পিত সম্পত্তির তালিকা গেজেট আকারে প্রকাশের ১২০ দিনের মধ্যে প্রত্যর্পণের আবেদন করার নিয়ম রয়েছে আইনে। আবেদন জমার ৩০০ দিনের মধ্যে এ বিষয়ে নিষ্পত্তির জন্য বিচারিক কার্যক্রম সম্পন্ন করা কথাও উল্লেখ রয়েছে। আইনমন্ত্রী বলেন, অনেক জেলায় গেজেট প্রকাশের পরও দ্রুত তালিকার গেজেট না পৌঁছানোসহ অর্পিত সম্পত্তির তালিকা পেতে অহেতুক কালক্ষেপণের কারণে সময়মতো আবেদন করা সম্ভব হচ্ছে না। তাই প্রতিনিধি দলের পক্ষ থেকে এ সময় আরো বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। “তাদের বলেছি, এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় নির্দেশনা দিতে পারবে। কারণ এটি তাদের বিষয়, আইন মন্ত্রণালয় শুধু আদালতের বিষয়টি দেখছে,” বলেন তিনি। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে শফিক আহমেদ বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ নিয়ে প্রচার কম হয়েছে। এজন্য সব জেলায় আদালতের সামনে ব্যনার বা সাইনবোর্ড টানানোর জন্যও আইন মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হবে। সাইনবোর্ডে উল্লেখ থাকবে- কীভাবে, কোথায়, কার বরাবরে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণের আবেদন করতে হবে, কতদিনে আবেদনের বিচারিক কার্যক্রম নিষ্পত্তি হবে, এসব বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭৫৫ ঘ.