ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে স্থাপত্যকলাকে যিনি ‘আধুনিক’ রূপ দিয়েছেন, সেই স্থপতি মাজহারুল ইসলাম আর নেই।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে শনিবার মধ্যরাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান তিনি। এই স্থপতির বয়স হয়েছিল ৮৯ বছর।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়েছে।
ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের (আইএবি) সহ সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বরেণ্য স্থপতি মাজহারুল ইসলাম বেশ কিছুদিন ধরেই নানা ধরনের সমস্যায় ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় মাস দেড়েক আগে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত ১২টার পর সেখানেই মারা যান তিনি।”
ইউনাইটেড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাজহারুল ইসলাম বার্ধক্যজনিত নানা সমস্যা নিয়ে গত ৩১ মে এই হাসপাতালে ভর্তি হলেও একজন ক্যান্সার বিশেষজ্ঞের অধীনে চিকিৎসাধীন ছিলেন।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই স্থপতি ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস, বাংলাদেশের প্রথম সভাপতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন সময়ে বিভিন্ন প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক কর্মকান্ডেও তিনি সক্রিয় ছিলেন।
জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল স্থাপত্য নকশা, জাতীয় গ্রস্থাগার, ঢাকা বিশ্ববিদ্যালয়েল চারুকলা ইনস্টিটিউট ও লাইব্রেরি ভবন, রাঙ্গামাটি শহর পরিকল্পনাসহ দেশের অধিকাংশ পলিটেকনিক ইনস্টিটিউটের নকশা তৈরি হয়েছিল তারই হাত দিয়ে।
মাজহারুল ইসলামের জীবন দর্শন ছিল একইসঙ্গে একজন বাঙালি ও একজন বিশ্বমানব হয়ে ওঠা। এই দর্শন থেকেই বাংলাদেশের স্থাপত্যকলার সঙ্গে আধুনিকতার মেলবন্ধন তৈরির চেষ্টা করে গেছেন জীবনভর। জাতীয় সংসদ ভবনের নকশা করার দায়িত্ব পেলেও তারই আগ্রহে শেষ পর্যন্ত কাজটি করেছেন তার শিক্ষক ও বিশ্ববরেণ্য স্থপতি লুই আই কান। স্ট্যানলি টাইগারম্যান ও পল রুডলফের মতো স্থপতিরাও বাংলাদেশে এসেছেন মাজহারুলেরই আমন্ত্রণে।
মাজহারুল ইসলাম ১৯২৩ সালের ২৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেন। ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি নেওয়ার পর ১৯৪৬ সালে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি নেন। স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি নেন যুক্তরাষ্ট্রের অরিগন বিশ্ববিদ্যালয় থেকে, ১৯৫২ সালে। পরে লন্ডনের এ.এ. স্কুল অব আর্কিটেকচার থেকে স্নাতকোত্তর করেন।
১৯৬১ এর শেষ দিকে দেশে ফিরে তখনকার পূর্ব পাকিস্তানের কনস্ট্রাকশন, বিল্ডিং অ্যান্ড ইরিগেশনে প্রকল্পে যোগ দেন স্থপতি মাজহারুল। ১৯৬৪ সালে সরকারি চাকরি ছেড়ে প্রকৌশলী শেখ মুহম্মদ শহীদুল্লাহর সঙ্গে ‘বাস্তুকলাবিদ’ নামে একটি পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য অনুষদ চালুর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন মাজহারুল ইসলাম। সেখানে খণ্ডকালীন শিক্ষকতাও করেন।
স্থাপত্যশিল্পে অবদানের জন্য ১৯৯৯ সালে স্বাধীনতা পুরস্কারসহ জীবনভার বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আইএবির সাবেক যুগ্ম সম্পাদক স্থপতি ইকবাল হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাজহারুল ইসলামের মরদেহ রোববার দুপুরে চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় নেওয়া হবে। এরপর জোহরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কফিন নেওয়া হবে গুলশান-২ এ তার বাসায়।
সেখানে আরেকটি জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই স্থপতিকে দাফন করা হবে বলে ইকবাল হাবিব জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এনআইএইচ/জেকে/১২১৫ ঘ.
bdnews24