২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাতির তদন্তে গিয়ে ছিনতাইয়ের কবলে পুলিশ

ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

মুন্সীগঞ্জ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। শনিবার রাতে মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে একটি স্পিডবোটে এ হামলা হয়। আহতরা হলেন মুন্সীগঞ্জের শ্রীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ এবং কনস্টেবল মনির হোসেন। বুকে ছুরিকাহত মনির হোসেনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশরাফকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। শ্রীনগর থানার ওসি মিজানুর রহমান রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বাঘড়া বাজারে একটি ডাকাতির তথ্যানুসন্ধানে এই দুই পুলিশ মাদারীপুরের শিবচর গিয়েছিলেন। শনিবার সারাদিন সেখানে তথ্য সংগ্রহ করে রাতে সাদা পোশাকের এই দুই পুলিশ লঞ্চে মাওয়ার উদ্দেশে রওনা দেন। লঞ্চে বিলম্ব হওয়ায় তারা শরীয়তপুরের কাঠালবাড়ি নেমে যান। পরে একটি যাত্রীবাহী স্পিডবোটে মাওয়া রওনা হন। পথে ৫/৬ জন ডাকাত তাদের ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও মানিবেগ কেড়ে নিয়ে পদ্মার একটি ডুবোচরে নামিয়ে দেয়। পরে তাদের চিৎকার শুনে একটি ট্রলার গিয়ে উদ্ধার করে মাওয়ায় নিয়ে যায়। ওসি আরো বলেন, এই ঘটনায় পুলিশ ডাকাত ধরায় বিশেষ অভিযানে নেমেছে। ডাকাতির সাথে স্পিডবোট চালক জড়িত বলে তিনি মনে করেন। তাবে তাদের কাছ থেকে অস্ত্র নেয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৮ ঘ.