বরিশাল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল জেলা পুলিশের দুই কনস্টেবল নিখোঁজ হয়েছেন বলে তাদের স্বজনরা জানিয়েছেন।
এরা হলেন আদালতে কর্মরত কনস্টেবল খোকন চন্দ্র রায় এবং ডিআইজর গাড়ি চালক কনস্টেবল শামীম আকন।
শামীম আকন মঙ্গলবার (১০ জুলাই) ছুটি নিয়ে যাওয়ার পর এবং খোকন চন্দ্র রায় বুধবার থেকে নিখোঁজ রয়েছেন।
এ দুই ঘটনায় তাদের স্বজনরা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শামীম আকনের ভাই আল-আমিন জিডিতে উল্লেখ করেন, বৃহস্পতিবার (১২ জুলাই) জেলা পুলিশের রিজার্ভ পরিদর্শক মো. মজিবুর রহমান লোক মারফত তাকে (আলামিন) দেখা করতে খবর দেন।
তিনি গেলে আরআই তাকে জানান, মঙ্গলবার (১০ জুলাই) শামীম আকন কয়েকদিনের ছুটি নিয়ে দুপুর আড়াইটায় কর্মস্থল ত্যাগ করেন। কিন্ত জরুরি কাজে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে হাজির হতে হবে।
আল-আমিন খবরটি তার ভাইয়ের বাসায় দিতে গেলে ভাবী তাকে জানান, ১১ জুলাই সকাল ৬টায় বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
এরপর শামীম আকনের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার ওসির কাছেও শনিবার নোটিশ পাঠিয়ে তাকে হাজির করাতে বলা হয়েছে।
কিন্তু কোথাও থেকে খোঁজ না পেয়ে তিনি জিডি করেন, বলেন আল-আমিন।
এদিকে খোকন চন্দ্র রায়ের স্ত্রী ঝর্না রায় বলেন, বুধবার সন্ধ্যায় পুলিশ লাইনে যাওয়ার কথা বলে বের হয়ে খোকন আর বাসায় ফেরেননি। তাই বৃহস্পতিবার তিনি থানায় জিডি করেন।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার আকনের ভাই জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
ওসি আরো বলেন, খোকন চন্দ্র রায় নিখোঁজের ঘটনায় তার স্ত্রী ঝর্না রায় জিডি করেছেন। তার সন্ধান এখনো পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৬ ঘ.
bdnews24