চট্টগ্রাম, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী প্রেমিকাকে উপহার দেওয়ার অর্থ সংগ্রহে অপহরণের নাটক সাজিয়ে নিজের মায়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের সময় এক ছাত্র আটক হয়েছেন।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের টাইগারপাস এলাকায়।
শুক্রবার গভীর রাতে নগরীর টাইগারপাস এলাকা থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মো. ইসমাইল রাসেল (২১) মুক্তিপণের টাকা নিতে গেলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।
ডবলমুরিং থানার মাঝিরঘাট এলাকার বাসিন্দা রাসেলের বাবার নাম মো. মিরাজ।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ জুলাই রাসেলের বাবা মো. মিরাজ কোতোয়ালি থানায় একটি জিডি করেন, যাতে উল্লেখ করা হয় বন্ধুদের সঙ্গে কোতোয়ালি থানার টেরিবাজারে কেনাকাটা করতে গিয়ে তার ছেলে নিখোঁজ হয়েছে।
পরের দিন মিরাজ ফের থানায় অভিযোগ করেন, তার ছেলেকে ফিরিয়ে দিতে অপহরণকারীরা স্ত্রীর কাছে মোবাইল ফোনে দুই লাখ টাকা দাবি করেছে। তাদের সঙ্গে এক লাখ টাকা দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।
পুলিশ কর্মকর্তা সদীপ কুমার বলেন, “কথিত অপহরণকারীর দাবি অনুযায়ী শুক্রবার রাতে রাসেলের মাকে টাইগারপাস এলাকায় রেখে চারদিকে সতর্ক অবস্থান নেয় পুলিশ। এরপর মুখ ঢেকে মায়ের কাছ থেকে টাকা নিতে গেলে পুলিশ রাসেলকে আটক করে।”
এদিকে জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছেন, দুবাইয়ে বসবাসরত আয়েশা নামে এক মেয়ের সঙ্গে দুই বছর আগে ইন্টারনেটে তার পরিচয় হয়। এর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার সঙ্গে যোগাযোগ বাড়াতে একটি ল্যাপটপ কেনার পাশাপাশি প্রেমিকাকে ঈদে উপহার পাঠাতে চেয়েছিলেন তিনি। এজন্য বাবা-মার কাছ থেকে দুই লাখ টাকা আদায়ের জন্য এ অপহরণ নাটক সাজিয়েছিলেন।
এ কয়দিন তিনি নগরীর লালদিঘীর পাড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে মোবাইলে কণ্ঠ পাল্টিয়ে মার সঙ্গে কথা বলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/এএল/২১০০ ঘ.
bdnews24