২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদস্যের বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ

নড়াইলে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 01:14 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

নড়াইল, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের কালাচাঁদপুর গ্রামে গৃহবধূ সুলতানা পারভীন (২৪) নিহত হন। তিনি কালিয়া উপজেলার চাঁচুড়ী গ্রামের নজরুল মোল্যার মেয়ে। সুলতানাকে তার স্বামী শরিফুল ইসলাম ওরফে সুমন (৩০) হত্যা করেন বলে নিহতের ভাই অভিযোগ করেছেন। নিহতের ভাই মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন বছর আগে কালাচাঁদপুর গ্রামের বাবু রহমানের ছেলে পুলিশ কনস্টেবল সুমনের সঙ্গে সুলতানার বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। তিনি বলেন, “বিয়ের পর সুমনকে যৌতুক হিসেবে নগদ ৭০ হাজার টাকা, মোটরসাইকেল ও আসবাবপত্রসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল দেওয়া হয়। স¤প্রতি ১০ দিনের ছুটিতে বাড়ি এসে সুমন ফের যৌতুকের টাকার জন্য সুলতানাকে চাপ দেয়। “সুলতানা পরিবারের কাছে ফের যৌতুকের টাকা চাইতে অস্বীকৃতি জানানোয় গত দুই দিন ধরে তাকে সুমন ও তার স্বামীর পরিবারের সদস্যরা বাড়িতে আটকে রাখে। শুক্রবার রাতে তার খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়। গভীর রাতে সুলতানা অসুস্থ হয়ে পড়লে সুমন তার গলায় কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।” তিনি জানান, সুমন বর্তমানে পুলিশ কনস্টেবল হিসেবে সাতক্ষীরা জেলায় কর্মরত আছেন। এ ব্যাপারে লোহাগড়া থানার নলদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, শনিবার ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে হত্যা করা হতে পারে। “ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনার পর থেকে সুমন ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৯১০ ঘ.