যশোর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের খোজার হাট গ্রামে সেনা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ডাকাতি হয়েছে।
শুক্রবার গভীর রাতে ডাকাতির সময় ডাকাতদের ছোড়া বোমা, ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে নারীসহ অন্তত দশজন আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন- ওই গ্রামের ইয়াকুব আলী, মিথুন, আবুল হাশেম, আমজাদ আলী, আইউব আলী, আবু বক্কর ও টিপু। এদের সাত জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
কোতয়ালী থানার পুলিশ ওসি (তদন্ত) মনিরুজ্জামান ও হামলায় আহত মিথুন বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকমকে জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০/২৫ জন ডাকাত মিথুনদের বাড়ি ও পাশের আরো দুটি বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে।
তাদের পরিচয় চানতে চাইলে তারা নিজেদের সেনাবাহিনীর সদস্য বলে পরিচয় দেয়।
পরিচয় পেয়ে দরজা খোলার সঙ্গে সঙ্গে ডাকাতরা ঘরে ঢুকে নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুট করে।
বাধা দেয়ার চেষ্টা করলে ছয়টি বোমার বিষ্ফোরণ ঘটিয়ে, বাড়ির লোকজনদের এলোপাতাড়ি মারধর করে ও কুপিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
ডাকাতরা বসাই হাফ প্যান্ট ও গেঞ্জি পরা ছিল।
এ ঘটনায় থানায় ডাকাতি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২০ঘ.
bdnews24