ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করার ঠিক আগ মুহূর্তে শুক্রবার তিন ভুয়া সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন, হুমায়ুন কবির (৬৫), রমজান আলী (৩৬) ও শেখ মো. আবদুল আহাদ (৪৫)। বিকালে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
এসময় সাংবাদিক পরিচয় দেওয়া আরো শতাধিক ভুয়া সাংবাদিক পালিয়ে যায়।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েশনের (ক্র্যাব) সভাপতি আখতারুজ্জামান লাভলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন’ (আইএইচসিআরএফ) নামের একটি সংগঠন শুক্রবার সংবাদ সম্মেলন করার জন্য ডিআরইউ’র ভিআইপি লাউঞ্জ ভাড়া নেয়। বেলা দুইটার দিকে সংগঠনের সদস্যরা এসে লাউঞ্জে জড়ো হতে থাকেন।
তিনি বলেন, নিজেদের মানবাধিকার কর্মী পরিচয়ে সংবাদ সম্মেলন করতে আসা আইএইচসিআরএফ সদস্যদের প্রত্যেকের গলায় ‘প্রেস’ লেখা পরিচয়পত্র ঝুলছিলো। এমনকি তারা নিজেদেরকে সাংবাদিক বলেও পরিচয় দেন।
ক্র্যাব-এর সাধারণ সম্পাদক ইশারফ হোসেন ইসা বলেন, মানবাধিকার কর্মী পরিচয় দানকারীরা প্রকৃতপক্ষে কোনো পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট নয়। অথচ তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। তাদের ব্যবহৃত গাড়িতে সাংবাদিক লেখা স্টিকারও দেখা যায়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান অভিযোগ করেন, এ ধরনের ভুয়া সাংবাদিকরা রাজধানীসহ সারাদেশে মাইক্রোবাস, মোটর সাইকেল ও প্রইভেট কারে ‘সাংবাদিক’ লেখা স্টিকার লাগিয়ে প্রতারণা করে আসছে।
সাভারে আইএইচসিআরএফ এর একটি বিশাল অফিস রয়েছে। এর সদস্যরা ওই এলাকায় বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে।
ক্র্যাব সভাপতি লাভলু বলেন, “পুলিশ আসার পর ওই ভুয়া সাংবাদিকরা সংবাদ সম্মেলন না করেই সঠকে পড়ে। পুলিশ তখন সংগঠনটির চেয়ারম্যানসহ তিন সদস্যকে গ্রেপ্তার করে।”
নিজেদের মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে ‘প্রেস’ লেখা পরিচয়পত্র কেন বিতরণ করা হচ্ছে জিজ্ঞেস করা হলে আইএইচসিআরএফ-এর চেয়ারম্যান হুমায়ুন কবির দাবি করেন যে, তারা মানবাধিকার কর্মী। তবে ‘প্রেস’ লেখা পরিচয়পত্র বহন বা ‘ক্রাইম রিপোর্টার্স’ লেখা ভুল হয়েছে বলে তিনি স্বীকার করেন।
সারাদেশে এই সংগঠনের প্রায় ১৫ হাজার সদস্যকে ‘প্রেস’ বা ‘সাংবাদিক’ লেখা পরিচয়পত্র দেওয়া হয়েছে বলেও জানান হুমায়ুন কবির।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তার তিন জনকে থানায় আনা হয়েছে। ওসি আসলে তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24