পবিপ্রবি, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্যের উপর ক্ষুব্ধ ছাত্রলীগ সমর্থকরা প্রায় ১৮ ঘণ্টা অবরুদ্ধ রেখেছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস।
এতে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকা পড়েন।
উপাচার্য তাদের বিভিন্ন দাবি না মানলে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় তারা অবরোধ শুরু করে। আওয়ামী লীগ নেতাদের উদ্যোগে শুক্রবার সকাল ১০টার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
উপাচার্যের অভিযোগ, দাবি-দাওয়ার নামে ছাত্রলীগ সমর্থকরা তার কাছে কনসার্ট আয়োজনের জন্য টাকা দাবি করেছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ক্যাম্পাসে অবরুদ্ধ করে রাখে তারা।
তবে ছাত্রলীগ টাকা দাবি করার অভিযোগ অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে দপ্তর থেকে বাসভবনে যাওয়ার সময় ছাত্রলীগ সমর্থকরা তার কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।
উপাচার্য এসব দাবি মানতে অস্বীকৃতি জানালে ছাত্রলীগ সমর্থকরা ক্যাম্পাসের দু’টি প্রবেশদ্বার বন্ধ করে দেন। এতে উপাচার্যসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে আটকা পড়েন।
শুক্রবার সকালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ ও সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীরসহ দলের স্থানীয় নেতাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঘণ্টাব্যাপী আলোচনা হয়। এরপর অবরোধ তুলে নেওয়া হয়।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মো. কামরুজ্জামান সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপাচার্য সরকারদলীয় নেতাকর্মীদের নিয়োগ না দিয়ে বিএনপি-জামায়াতের লোকজনকে বিভিন্ন পদে চাকরি দিচ্ছেন।
তিনি বলেন, আওয়ামী লীগের উপযুক্তদের চাকরি দেওয়ার জন্য ছাত্রলীগ উপাচার্যকে একটি তালিকা দিয়েছিল। কিন্তু তিনি সরকারদলীয় নেতাকর্মীদের পাস কাটিয়ে অন্যদের নিয়োগ দিচ্ছেন।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন বলেন, ছাত্রলীগের তালিকা ধরে চাকরি দেওয়া আইনসম্মত নয়। বিষয়টি তাদেরকে বোঝানো হয়েছে।
তিনি বলেন, ইতোমধ্যে দুমকি ও পটুয়াখালী সদরের ২০০ জনকে স্থায়ী ও খণ্ডকালীন নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24