২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, নিহত ১

গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের কাছে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হলে রাজধানীর সঙ্গে ময়মনসিংহ ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 11:44 AM

আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম গাজীপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। এ দুর্ঘটনার ফলে শুক্রবার রাজধানীর সঙ্গে ময়মনসিংহ ও দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকে। লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার পর বিকাল ৩টা ১০ এ একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। রেলমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল ঘুরে দেখে নিহতের পরিবারকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। জয়দেবপুর রেল জংশনের মাস্টার জিয়াউদ্দিন সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৯টা ২০ এ ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যালে সুন্দরবন এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি বাগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা ও ময়মনসিংহ এবং ঢাকা ও উত্তর-পশ্চিমাঞ্চলের মধ্যে চলাচলকারী আন্তঃনগর একতা, যমুনাসহ পাঁচটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। জিয়াউদ্দিন সরদার জানান, দুর্ঘটনায় ট্রেনটির ইঞ্জিন লাইন থেকে বেরিয়ে আড়াআড়িভাবে মাটিতে পড়ে যায়। ফলে ১৩টি বগির মধ্যে দুটি লাইনচ্যুত হয়। বেশ খানিকটা এলাকার লাইনও উপড়ে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার ব্রিগেড ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা হতাহতদের সরিয়ে নিতে কাজ শুরু করেন। গজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটনের নেতৃত্বে উদ্ধারকর্মীরা মো. হেলালউদ্দীন নামে ২২ বছর বয়সী এক যাত্রীর লাশ উদ্ধার করে। রেল কর্মকর্তারা জানান, নিহত হেলালের বাবার নাম আব্দুল গফুর। বাড়ি পাবনার ভাঙ্গুরায়। দুর্ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী ওবায়দুল কাদের দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, নিহতের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে এক লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া রেলের খরচেই তার মৃতদেহ পাবনায় পাঠনোর ব্যবস্থা হচ্ছে। মন্ত্রী বলেন, “রেল একটি নিরাপদ সার্ভিস। এটা যাতে নির্বিঘ্নে চলাচল করতে না পারে সেজন্য ষড়যন্ত্র হচ্ছে। এ ধরনের ঘটনা যতে আর না ঘটে আমরা সেই ব্যবস্থা নেব।” টঙ্গী রেল স্টেশনের মাস্টার মরণ চন্দ্র দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি সরিয়ে নিলে বিকাল ৩টা ১০ এ একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমেই খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ধীরাশ্রম ছেড়ে যায়। এদিকে দুর্ঘটনার কারণ তদন্তে দুটি কমিটি করেছে রেল কর্তৃপক্ষ। রেলের ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেনকে প্রধান করে গঠিত চার সদস্যের কমিটিকে চার দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর পূর্বাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হককে প্রধান করে গঠিত দ্বিতীয় কমিটি প্রতিবেদন দেবে সাত দিনের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৬০৮ ঘ.