চট্টগ্রাম, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়কর বিভাগের কর্মচারীদের জন্য বরাদ্দ প্লট জালিয়াতির মাধ্যমে অন্যদের দেওয়ায় চট্টগ্রামের সাবেক আয়কর কর্মকর্তা উত্তম কুমার ভৌমিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার বিকালে দুদক চট্টগ্রাম-১ এর উপ-সহকারী পরিচালক শহীদুল আলম সরকার বাদি হয়ে ডবলমুরিং থানায় এ মামলা করেন।
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে অবস্থিত আয়কর কর্মচারী বহুমুখী সমবায় সমিতির প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা থাকাকালে উত্তম কুমার এ জালিয়াতি করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মর্জিনা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য বরাদ্দ প্লট জালিয়াতির মাধ্যমে অন্যকে হন্তান্তরের অপরাধে এ মামলা করা হয়েছে।”
উত্তম কুমার বর্তমানে ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানির জলসা মার্কেট শাখার ডেপুটি কন্ট্রোলার হিসেবে কর্মরত আছেন বলেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএইচ/২১১১ ঘ.
bdnews24