ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ব ব্যাংক চুক্তি বাতিলের পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় জনগণের মধ্যে উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্যের দিনই এ সিদ্ধান্ত জানাল এই বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে।
বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিলের পর নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার।
এরপর সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সংগঠন পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে।
রাবি ছাত্রলীগের অর্থ সংগ্রহ
পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ সংগ্রহ শুরু করেছে ছাত্রলীগের রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।
‘আমরাই নির্মাণ করব পদ্মা সেতু’ এই শ্লে¬াগান নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে তারা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহান দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের তহবিল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন ।
পদ্মা সেতুর অর্থায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ সহায়তা করা হবে বলে জানান তিনি।
ছাত্রলীগের এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ বলেন, ছাত্রলীগের এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
জামালপুরের মুক্তিযোদ্ধাদের ১৫ দিনের ভাতা
পদ্মা সেতু নির্মাণের জন্য ১৫ দিনের সরকারি ভাতা প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে জামালপুরের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ বৃহস্পতিবার দুপুরে এই ঘোষণা দেয়।
জামালপুরে প্রায় তিন হাজার মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার এই অর্থ দেবে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম খোকা।
তিনি বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে মুক্তিযোদ্ধা ও তার তাদের পরিবারের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএইচ/২০৩৬ ঘ.
bdnews24